পাবনায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে সার্কাস-মেলার প্রস্তুতি, অনুমোদন নেই

ফন্ট সাইজ:

পাবনার দুবলিয়া উচ্চ বিদ্যালয় ও হাজী জসীম উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই সার্কাস ও বাণিজ্যমেলার প্রস্তুতি নেয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে মাঠজুড়ে নির্মাণ করা হয়েছে সার্কাসের প্যান্ডেল। মেলার নামে দোকান বরাদ্দ দিয়ে অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে। এ নিয়ে শিক্ষার পরিবেশ, অর্থের হিসাব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৫০ বছর ধরে মেলার নামে অর্থ সংগ্রহ করা হচ্ছে। গত ২০ বছরের বেশি সময় ধরে বিদ্যালয়ের উন্নয়নের কথা বলে প্রতিবছর মেলা কমিটির কাছ থেকে চার থেকে পাঁচ লাখ টাকা নেয়া হলেও সেই অর্থের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব নেই। অভিযোগ রয়েছে, দোকান বরাদ্দের নামে একেকটি জায়গা ১২ থেকে ২৫ হাজার টাকায় দেয়ার প্রস্তুতি চলছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীদের ডেকে এনে পরে দোকান বসানোর জায়গা না দেয়ার অভিযোগও রয়েছে। মাসব্যাপী মেলার কারণে পাঠদান ব্যাহত হওয়া, দুর্গন্ধে শিক্ষার্থীদের অসুস্থতা এবং শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সার্কাসের আড়ালে জুয়া ও অশ্লীল নৃত্যের আয়োজন হতে পারে ইতিপূর্বে তাই হয়েছে। হাতি নামিয়ে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। মাঠের পাশেই ডাকঘর ও কমিউনিটি হাসপাতাল থাকায় সরকারি সেবা নিতে আসা মানুষের ভোগান্তির আশঙ্কা রয়েছে। সম্প্রতি পাবনা সদর উপজেলার চর বলরামপুরে মেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগে জেলা প্রশাসন একটি মেলা বন্ধ করে দেয়। এর পরও দুবলিয়ায় অনুমোদন ছাড়াই এমন আয়োজনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে দুবলিয়া মেলা কমিটির বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, মেলার বিষয়ে কোনো লিখিত অনুমোদন দেয়া হয়নি। কেউ এ ধরনের কাজ করে থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।