ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ভাগলপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৪৮টি মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। বুধবার সকাল ১১টায় সরাইল ব্যাটালিয়নের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যে সিঙ্গারবিলের আলীনগর বিওপি’র একটি টহলদল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাগলপুর এলাকায় অবস্থান নেয়।
এ সময় ভারতের দিক থেকে ২৫ থেকে ৩০ জন লোক মাথায় কার্টন নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা কার্টন ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া কার্টনগুলো তল্লাশি করে এসব ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা। এগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
