বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ফন্ট সাইজ:

খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় মিলন কুমার ভদ্র (৫৩) নামের এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরই ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। বুধবার সকাল ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন উপজেলা শোভনা ইউনিয়নের গাবতলা এলাকার উপেন্দ্রনাথ ভদ্রের ছেলে। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে মোটরসাইকেলযোগে খুলনা শহরের উদ্দেশ্যে রওনা হন মিলন। এমন সময় সকাল ৬টার দিকে গুটুদিয়া হাইস্কুল এলাকায় পৌঁছালে মহাসড়কের এক পাশে সংস্কার কাজ চলায় তিনি অপর পাশ দিয়ে যাচ্ছিলেন।

এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ইমাদ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এসআই মুন্সি পারভেজ হাসান।