শাহজালালে বিপুল পরিমাণ কুশসহ ব্যাংকক থেকে আসা ভারতীয় নাগরিক গ্রেপ্তার

শাহজালালে বিপুল পরিমাণ কুশসহ ব্যাংকক থেকে আসা ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ ব্যাংকক থেকে আসা ভারতীয় পাসপোর্টধারী অভিজিৎ দাস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার দুপুরে বিমানবন্দরের নিচ তলায় আগমনী হলের গ্রীন চ্যানেলে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি দল দুপুর ১টার দিকে বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের (ফ্লাইট নম্বর-টিজি৩২১) একটি ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক অভিজিৎ দাসকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তার ট্রলি তল্লাশি করে কাপড়ের নিচ থেকে ৪ কেজি ২৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়। এ সময় তার ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়। এছাড়াও ২ হাজার ১৬০ ভারতীয় রুপি, ৭০ থাই বাথ, একটি স্মার্টফোন, একটি বোর্ডিং কার্ড, ৩টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের উপ-পরিচালক রাজিউর রহমান বলেন, ‘‘অভিজিৎ দাস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। তিনি মূলত বনগাঁও রেলওয়ে স্টেশনের একজন সাধারণ কুলি। একটি আন্তর্জাতিক ও ত্রিদেশীয় মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। চক্রটি ভারতের নিম্নআয়ের মানুষদের ‘ভিসা ফ্রি’ সুবিধার সুযোগ নিয়ে কলকাতা থেকে ব্যাংককে নিয়ে যান। এরপর তাদের মাধ্যমে বিভিন্ন পণ্যের আড়ালে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে চালান করেন। এই চক্রটি বাংলাদেশে কুশের এক নতুন বাজার তৈরির চেষ্টা চালিয়ে আসছে।’’

তিনি বলেন, ‘বাংলাদেশে ২-৩ দিন অবস্থান করে মাদকের কিছু অংশ হস্তান্তর শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল তার। এ ঘটনায় বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন অভিজিৎ দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’