কিশোরগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে একদিনে মোট ৬৬ জন আটক হয়েছে। বুধবার সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলার নিকলী ছাড়া বাকি ১২টি থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক সংক্রান্ত অভিযোগে তাদের আটক করা হয়। জেলার ১৩টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী এই অভিযান চলমান রেখেছে। সর্বশেষ অভিযানে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ১১ জন, কটিয়াদী মডেল থানা পুলিশ ১০ জন, ভৈরব থানা পুলিশ ১৩ জন, করিমগঞ্জ থানা পুলিশ ৫ জন, তাড়াইল থানা পুলিশ ২ জন, হোসেনপুর থানা পুলিশ ৪ জন, পাকুন্দিয়া থানা পুলিশ ১ জন, বাজিতপুর থানা পুলিশ ৩ জন, কুলিয়ারচর থানা পুলিশ ৪ জন, মিঠামইন থানা পুলিশ ২ জন, অষ্টগ্রাম থানা পুলিশ ২ জন, ইটনা পুলিশ ৬ জন এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৩ জনকে আটক করেছে। আটক হওয়া ৬৬ জনকেই বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা প্রতিরোধে জেলা পুলিশের তৎপরতার অংশ হিসেবে মাদকসংক্রান্ত অপরাধে জেলায় মোট ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না। একইসঙ্গে মাদকমুক্ত পুলিশ বাহিনী গঠনেও কঠোর অবস্থানে জেলা পুলিশ কিশোরগঞ্জ।
