সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ফন্ট সাইজ:

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে দুই দফায় পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রথম দফায় মারধরের পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে রাতে একদল লোক হাসপাতালে ঢুকে তাকে ছিনিয়ে নিয়ে আবারও মারধর করেন। গুরুতর অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকালে। দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামে শামীমকে মারধরের ঘটনা ঘটে। পরে রাত ৮টা ৪০ মিনিটের দিকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত শামীম ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শামীমের কয়েকটি অডিও কথোপকথন ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় লোকজনের অভিযোগ, ওই কথোপকথনে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন মন্তব্য ছিল। এ অভিযোগের জেরে বিকালে তাকে মারধর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীমকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে রাত ৮টা ৪০ মিনিটের দিকে ২০০ থেকে ২৫০ লোক হাসপাতালে গিয়ে তাকে চিকিৎসা দিতে বাধা দেয়। একপর্যায়ে হাসপাতালের পেছনের দরজা ভেঙে ওয়ার্ডে ঢুকে তাকে ছিনিয়ে নিয়ে মারধর করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম শাহীন বলেন, শামীমকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে একদল লোক হাসপাতালে গিয়ে তাকে চিকিৎসা দিতে বাধা দেন। পুলিশ, আনসার সদস্য ও চিকিৎসকরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করলেও তারা শোনেননি। একপর্যায়ে তারা পেছনের দরজা ভেঙে ওয়ার্ডে ঢুকে শামীমকে ছিনিয়ে নিয়ে মারধর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, প্রথম দফায় মারধরের পর শামীমকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে একদল লোক ওয়ার্ডের ভেতরে অন্য রোগীদের সামনে তাকে মারধর করে। পরে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আবারও মারধর করা হয়। এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শামীমের পরিবারের সদস্যদের দাবি, কয়েক দিন ধরে তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। তাদের ভাষ্য- শামীম মানসিকভাবে সুস্থ ছিলেন না। কয়েকদিন আগে বিষপান করে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। শামীমকে মারধরের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে তাকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তাকে ঘিরে অনেক মানুষকে ভিড় করতে এবং কয়েকজনকে মুঠোফোনে ভিডিও ধারণ করতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে রাতে দেবহাটা উপজেলা সদরে একদল লোককে মিছিল করে শামীমের শাস্তির দাবিতে স্লোগান দিতে দেখা যায়। মিছিল থেকে তাকে যে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল, সেখানে যাওয়ার আহ্বান জানাতেও শোনা যায়। এবিষয়ে আইনি ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ওসি এইচএম শাহীন বলেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।