সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামী ৯ই নভেম্বর

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামী ৯ই নভেম্বর। ওই দিন বেলা সাড়ে তিনটায় সংসদ অধিবেশন আহ্বান করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ সচিবালয় সূত্র জানায়, ইতিমধ্যে সংসদ অধিবেশন আহ্বানসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সাধারণত বছরের এই সময়ে ডাকা অধিবেশন সংক্ষিপ্ত হয়। চতুর্থ অধিবেশন কতোদিন চলবে, তা এখনো ঠিক হয়নি। অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক করা হবে, অধিবেশন কতোদিন চলবে।

জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ১৪৩৩ বঙ্গাব্দের ২৪ কার্তিক মোতাবেক ২০২৬ খ্রিষ্টাব্দের ০৯ নভেম্বর রোজ সোমবার বিকাল ০৩:৩০ মিনিটে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ (২০২৬ খ্রিষ্টাব্দের ৪র্থ) অধিবেশন আহ্বান করিতেছি।’ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ই মার্চ শুরু হয়। ২৫ কার্যদিবস অধিবেশন চলার পর ৩০শে এপ্রিল প্রথম অধিবেশন শেষ হয়। এ সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০৩১ সালের ১১ই মার্চ।