‘জীবন বদলের রেসিপি’—থিমে শুরু হলো সেরা রাঁধুনী সিজন-৯

‘জীবন বদলের রেসিপি’—থিমে শুরু হলো সেরা রাঁধুনী সিজন-৯

ফন্ট সাইজ:

আবারো শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় কুকিং রিয়্যালিটি শো ‘সেরা রাঁধুনী সিজন-৯’ রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘রাঁধুনী’র নিয়মিত এ আয়োজনের এবারের প্রতিপাদ্য— ‘জীবন বদলের রেসিপি’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রন্ধনশিল্পীদের খুঁজে বের করার এ প্রতিযোগিতা বরাবরের মতো এবারও প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।

রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের ‘সেরা রাঁধুনী সিজন-৯’ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ এবং মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক ও মিডিয়া কম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন- মৌসুমী মৌ। এ বছরের আয়োজনে বিচারক হিসেবে থাকছেন ইনডালজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ও এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র, লে মেরিডিয়ান ঢাকার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ শহিদ শাহিন এবং অভিনয়শিল্পী জয়া আহসান।

অনুষ্ঠানের শুরুতে সেরা রাঁধুনী’র দুই দশকের পথচলা, অর্জন আর ভবিষ্যৎ প্রত্যাশার কথা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন মো. পারভেজ সাইফুল ইসলাম। ২০ বছর আগে রান্নার মেধার সঠিক মূল্যায়নের মাধ্যমে জীবন বদলের যে স্বপ্ন নিয়ে সেরা রাঁধুনী যাত্রা শুরু করেছিল, সিজন-৯ এ তা আরও বড় পরিসর পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এরপর মাছরাঙা টেলিভিশন ও মিডিয়া কম লিমিটেডের পক্ষ থেকে ২০ বছরের অর্জন ও সম্প্রচারের প্রস্তুতির কথা জানান- অজয় কুমার কুণ্ডু। সর্বশেষে বক্তব্য রাখেন ইমতিয়াজ ফিরোজ। তিনি গত দুই দশকে সেরা রাঁধুনীর হাত ধরে জীবন বদলে যাওয়া নতুন উদ্যোক্তা ও শেফদের কথা বলেন, সেই সঙ্গে তুলে ধরেন সিজন-৯ নিয়ে তার ভাবনা। সংবাদ সম্মেলনে নতুন লোগো ও প্রমোশনাল কনটেন্ট উন্মোচন করা হয়।

দেশ জুড়ে বিভাগীয় অডিশনের পর ঢাকায় গ্র্যান্ড অডিশনের মাধ্যমে স্টুডিও রাউন্ডের প্রতিযোগী নির্বাচন করা হবে। স্টুডিও রাউন্ডে স্বাদের পাশাপাশি বিচার করা হবে পরিবেশনা, পুষ্টিমান, উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বগুণাবলী। বিজয়ী রাঁধুনী পুরস্কার হিসেবে জিতে নেবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ টাকা। ‘সেরা রাঁধুনী সিজন-৯’ এর পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মিডিয়া কম লিমিটেড এবং হসপিটালিটি পার্টনার হিসেবে থাকবে রাঙ্গামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট।
অংশগ্রহণের জন্য নিজস্ব রান্নার রেসিপি, খাবারের ছবি, নিজের ছবি এবং প্রয়োজনীয় তথ্য (নাম, বয়স, ঠিকানা, পেশা, মোবাইল নম্বর, ই-মেইল, জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন/পাসপোর্ট নম্বর) প্রদান করতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন radhuni.com

এসএমএস’র মাধ্যমে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে: ঝজ৯ <স্পেস> নাম <স্পেস> বয়স <স্পেস> বিভাগ <স্পেস> রেসিপি’র নাম এবং পাঠিয়ে দিন ৮৮০৯৬১২৬১৫৫৫৫ নম্বরে। ‘সেরা রাঁধুনী সিজন ৮’-এর স্টুডিও রাউন্ডে অংশ নেয়া প্রতিযোগীরা ‘সিজন ৯’-এ রেজিস্ট্রেশন করতে পারবেন না। রেজিস্ট্রেশনের শেষ সময় ১৫ই নভেম্বর ২০২৬।

বিচারকদের রায়ে রেসিপি নির্বাচিত হলে প্রতিযোগীকে বিভাগীয় অডিশনের জন্য আহ্বান করা হবে। অডিশনের জন্য নির্বাচিত রেসিপির খাবার অডিশনের দিন নিজে তৈরি করে নিয়ে আসতে হবে। তৈরি করা খাবার ও মৌখিক পরীক্ষায় কৃতকার্য হলে ঢাকায় অনুষ্ঠিত গ্র্যান্ড অডিশনের জন্য আমন্ত্রণ জানানো হবে। যেকোনো তথ্যের প্রয়োজনে ডায়াল করুন ০৮০০০১১১৩৩৩ (প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা)। বিস্তারিত জানতে ভিজিট করুন ফেসবুক পেজ:www.facebook.com/SheraRadhuni