হোয়াইট হাউসে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার বহাল রাখার নির্দেশ আদালতের

হোয়াইট হাউসে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার বহাল রাখার নির্দেশ আদালতের

ফন্ট সাইজ:

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে করা মামলার শুনানি চলাকালে সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর সাংবাদিকদের প্রেস কার্ড বহাল রাখার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আদালত।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক টিমোথি কেলি সংবাদমাধ্যমগুলোর করা প্রাথমিক নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করেন। এর ফলে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি বজায় থাকবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। আদালতের আদেশে বলা হয়েছে, ২০২৬ সালের ১৮ই সেপ্টেম্বর সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের হাতে থাকা হোয়াইট হাউসের ‘হার্ড পাস’ বা স্থায়ী প্রেস কার্ড বাতিলের যে সিদ্ধান্ত প্রশাসন নিয়েছিল, তা কার্যকর বা বাস্তবায়ন করা যাবে না। এর আগে ১৮ই সেপ্টেম্বর ট্রাম্প ঘোষণা দেন, সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ করতে দেয়া হবে না। সংবাদমাধ্যমগুলো ‘ভুয়া খবর’ প্রকাশ করছে এবং তার প্রশাসনের বিরুদ্ধে সমালোচনামূলক সংবাদ প্রচার করছে, এমন অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্ত নেন। এর তিনদিন পর ২১শে সেপ্টেম্বর তিনটি সংবাদমাধ্যম যৌথভাবে মামলা করে। তাদের অভিযোগ, সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনীর পরিপন্থি।
প্রথম সংশোধনীতে সংবাদমাধ্যমের স্বাধীনতাসহ মতপ্রকাশের অধিকার সুরক্ষিত করা হয়েছে। আর পঞ্চম সংশোধনীতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের নিশ্চয়তা রয়েছে।

মামলার পর বিচারক কেলি এর আগে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রেস কার্ড পুনর্বহালের নির্দেশ দিয়েছিলেন। মঙ্গলবারের আদেশের মাধ্যমে মামলার বিচার চলাকালে সেই সুরক্ষা বহাল রাখা হলো। আদালতের এই সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংবাদমাধ্যমগুলোর চলমান আইনি বিরোধে আপাতত সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের সুযোগ বজায় থাকছে।