ভিডিও ভাইরালের পর সেই যুবক আটক, এএসআই প্রত্যাহার

বৃদ্ধকে মারধর

ভিডিও ভাইরালের পর সেই যুবক আটক, এএসআই প্রত্যাহার

ফন্ট সাইজ:

রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে এক বৃদ্ধকে মারধর করায় অভিযুক্ত খালিদ হাসানকে (৩৫) আটক করেছে পুলিশ। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডির মীনা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এছাড়া দায়িত্বে গাফিলতির কারণে ঘটনাস্থলে উপস্থিত ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হাইকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব মানবজমিনকে নিশ্চিত করেছেন।

জানা যায়, সোমবার দুপুরে ধানমন্ডি সাতমসজিদ রোডের বেসরকারি বাংলাদেশ আই হসপিটালের উল্টো দিকে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে শহীদ আবদুল্লাহর বিরুদ্ধে। শহীদ আবদুল্লাহ তাকে ‘ব্যাড টাচ’ করেন বলে ভুক্তভোগী অভিযোগ করেন। কিন্তু ঘটনাস্থলে থাকা পুলিশের সদস্যরা তাকে আটক করতে অনীহা প্রকাশ করেন। তখন তিনি খালিদ হাসানকেকে মুঠোফোনে ডেকে আনেন। তিনি এসে শহীদ আবদুল্লাহকে চড়থাপ্পড়, লাথি ও কান ধরে ওঠবস করান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে সব ছাপিয়ে আলোচনায় আসে মারধরের বিষয়টি।

ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, গত সোমবার দুপুরে ধানমন্ডি সাতমসজিদ রোডের বেসরকারি বাংলাদেশ আই হসপিটালের উল্টো দিকে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামের এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর অভিযোগে খালিদকে আটক করা হয়। তাকে আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। শহীদ আবদুল্লাহ মানসিক রোগে আক্রান্ত বলে জানান তিনি। তিনি বলেন, এ ঘটনায় এএসআই আবদুল হাইকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাস্থলে তার দায়িত্ব ছিল। কিন্তু তিনি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেননি।