জার্মানিতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে মানবসদৃশ একটি রোবটের বিরুদ্ধে। এ ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৯ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, রোবটটি কিশোরীর নিতম্বে স্পর্শ করে এবং তার দিকে অশালীন ভঙ্গিতে শরীর দোলানোর মতো নড়াচড়া করে। খবর দ্য টেলিগ্রাফের।
জার্মানির কোলন পুলিশের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার মধ্যরাতের কিছুক্ষণ আগে কোলনের একটি বার্গার রেস্তোরাঁর বাইরে এ ঘটনা ঘটেছে। কমিক বইয়ের জনপ্রিয় চরিত্র আয়রন ম্যানের আদলে তৈরি রোবটটি ওই কিশোরীর কাছে এগিয়ে যায়। সাদা ভেস্ট, ট্র্যাকস্যুটের প্যান্ট, নকল সোনার চেইন ও লাগানো গোঁফ পরানো ছিল রোবটটিকে।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে রোবটটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং তার দিকে যৌন ইঙ্গিতপূর্ণ ভঙ্গিতে নড়াচড়া করে। এতে কিশোরী চিৎকার করে সরে যাওয়ার চেষ্টা করে। এরপর প্রায় ১ দশমিক ২ মিটার উচ্চতার রোবটটি ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশের ধারণা, ওই সময় রোবটটির ‘মালিক’ ১৬ বছর বয়সী এক কিশোর এবং তার সঙ্গে থাকা ১৯ বছর বয়সী এক তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি সরাসরি সম্প্রচার করছিলেন। একই সঙ্গে তারা ঘটনার ধারাবিবরণী দিচ্ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
রোবট জব্দ, চলছে তদন্ত
ওই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের সন্ধান পায়। সে সময় তারা একটি ভক্সওয়াগেন গাড়ির পেছনের মালপত্র রাখার অংশে রোবটটিকে তুলে রেখেছিলেন। পুলিশ রোবটটি এবং অভিযুক্তদের দুটি মোবাইল ফোন জব্দ করেছে।
যৌন হয়রানির অভিযোগে শুরু হওয়া তদন্তে এখন খতিয়ে দেখা হচ্ছে, রোবটটির নড়াচড়া কেউ দূরনিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করছিলেন, নাকি আগে থেকেই নির্দিষ্ট নির্দেশনা দিয়ে এর কার্যক্রম প্রোগ্রাম করা হয়েছিল। ঘটনার সময় রোবটটি কীভাবে কাজ করছিল, তা-ও তদন্তের আওতায় রয়েছে।
চীনে তৈরি রোবটটির মডেল ইউনিট্রি আর১ এয়ার। জার্মানিতে এর আনুমানিক দাম ৫ হাজার ইউরো। বড় নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি মানবসদৃশ রোবটগুলোর মধ্যে এটিকে তুলনামূলক সাশ্রয়ী হিসেবে বিবেচনা করা হয়।
রোবটটি নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে কথা ও দৃশ্য শনাক্ত করতে পারে। পাশাপাশি আগে থেকে নির্ধারিত নির্দেশনা অনুযায়ী কাজ করা কিংবা রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালনার সক্ষমতাও রয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে রোবটটির নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
