সৌদির আরামকো, বিমানবন্দর ও শোধনাগারে হুতিদের মুহুর্মুহু হামলা

সৌদির আরামকো, বিমানবন্দর ও শোধনাগারে হুতিদের মুহুর্মুহু হামলা

ফন্ট সাইজ:

সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হুতিরা। বুধবার (১৪ অক্টোবর) গোষ্ঠীটি দাবি করেছে, তারা সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোসহ রিয়াদ বিমানবন্দরেও হামলা চালিয়েছে। সেই সঙ্গে আরও ব্যাপক হামলা চালানোর অঙ্গীকার করেছে গোষ্ঠীটি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশের দাহরানে আরামকোতে উচ্চ স্তরের সামরিক অভিযান চালিয়েছে। সেই সঙ্গে রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আরামকো শোধনাগারেও ব্যাপক হামলা চালানো হয়েছে বলে জানান ইয়াহিয়া।

তিনি বলেন, বিশাল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে এসব হামলা চালানো হয়েছে।

সামনের দিনগুলোতে সৌদিতে আরও হামলা চালানো হবে উল্লেখ করে ইয়াহিয়া সারি বলেন, শত্রুপক্ষ রিয়াদের বিমানবন্দর এবং তেল স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হবে।

এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটও হুতিদের হামলার সত্যতা নিশ্চিত করেছে। জোটটি বলেছে, তারা সৌদির দিকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।

তবে এসব হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে তাৎক্ষনিকভাবে কোনো তথ্য দেয়নি সৌদি।