নরওয়ের তীব্র ঠাণ্ডা আর কৃত্রিম ঘাসের মাঠে এক অবিশ্বাস্য নাটকের সাক্ষী হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। স্বাগতিক ভাইকিং এফকের বিপক্ষে দুই গোলে শুরুতে পিছিয়ে পড়ে বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলে প্রত্যাবর্তনের পর এগিয়েও যায় জার্মান জায়ান্টরা। তবে ম্যাচের শেষ দিকে মাইকেল ওলিসের লাল কার্ড ও রক্ষণের চরম ভুলে ৩-৩ ব্যবধানের ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো বাভারিয়ানদের।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় জার্মান জায়ান্টরা। প্রথম মিনিটে জ্লাতকো ত্রিপিসের কর্নার থেকে হেডে গোল করে ভাইকিংকে এগিয়ে নেন জিয়ানি স্টেনসনেস। এরপর ৩৮ মিনিটে পিটার ক্রিস্টিয়ানসেনের লক্ষ্যভেদে বিরতির আগেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। বায়ার্নের দুর্বল পারফরম্যান্স দেখে ক্ষুব্ধ কোচ ভিনসেন্ট কোম্পানি দ্বিতীয়ার্ধের শুরুতেই তিন তারকা খেলোয়াড়কে তুলে নিয়ে আলফনসো ডেভিস, উপামেকানো ও সাইবারিকে মাঠে নামান।
কোচের এই কৌশলে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের রূপ নেয় বায়ার্ন। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কেইন। এর ঠিক ছয় মিনিট পর জশুয়া কিমিখের নিখুঁত ক্রস থেকে দলকে ২-২ সমতায় ফেরান এ ইংলিশ স্ট্রাইকার। ৭১ মিনিটে কেইনের দূরপাল্লার পাস ধরে কনরাড লাইমার বল বাড়ালে লুইস দিয়াস গোল করে বায়ার্নকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন।
আসল নাটক জমে ওঠে খেলার একেবারে শেষ দিকে। খামখেয়ালি আচরণ করে প্রতিপক্ষ খেলোয়াড় ত্রিপিসের মুখে বল ছুড়ে মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ওলিসে। ১০ জনের দলে পরিণত হয়ে লিড ধরে রাখতে হিমশিম খায় বায়ার্ন।
ম্যাচের ৯০ মিনিটে বক্সের ভেতর লাইমার ও কেইন বল হারালে ত্রিপিসের দুর্দান্ত ক্রস থেকে হেডে সমতা ফেরান স্বাগতিকদের হারমান জোহান হাউগেন। ২০১৮ সালেও নরওয়ের দ্বিতীয় ডিভিশনে খেলা ভাইকিং শেষ পর্যন্ত জয়ের সমান এক ড্র নিয়ে উল্লাসে মাতে।
