প্রথম মিনিটের গোল, লাল কার্ড ও অতলে হারিয়ে যাওয়া ইউনাইটেড

প্রথম মিনিটের গোল, লাল কার্ড ও অতলে হারিয়ে যাওয়া ইউনাইটেড

ফন্ট সাইজ:

ম্যাচের শুরুতেই চরম বিপর্যয়! প্রথম মিনিটেই এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ বাঁশি বাজার মিনিট দশেক আগে আরেকটি। উয়েফা চ্যাম্পিয়নস লীগের ম্যাচে রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে স্বাগতিকদের কাছে ২-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম মিনিটের গোল হজম, এরপর রক্ষণভাগের ভুলে খেসারত দেয়া এবং শেষ দিকে লাল কার্ড-সব মিলিয়ে চরম হতাশার রাত দেখলো মাইকেল ক্যারিকের দল।

ম্যাচের বয়স তখন মোটে ৫৩ সেকেন্ড। পাবলো বারিওসের শটে শুরুতেই পিছিয়ে পড়ে রেড ডেভিলরা। প্রথমার্ধে ব্রায়ান এমবুমো ও মার্কাস রাশফোর্ডের কিছু আক্রমণ ভেস্তে যায়। প্রথমার্ধের শেষ মিনিটে কার্ডোসোর গোল ভিএআর-এর কল্যাণে বাতিল হলে বেঁচে যায় ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধেও খেলায় ফেরার চেষ্টা করে ইংলিশ জায়ান্টরা। ব্রুনো ফার্নান্দেজ ও বালেবারা সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে গোল পাওয়া হয়নি। ম্যাচের ৭৩ মিনিটে প্রতিপক্ষকে ফাউল করায় ভিএআর দেখে ইউনাইটেড ডিফেন্ডার লেনি ইয়োরোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ক্যারিয়ারে এটিই তার প্রথম লাল কার্ড। ১০ জনের দলে পরিণত হওয়ায় ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর সব আশাও শেষ হয়ে যায়।

বদলি হিসেবে নামা আদেমোলা লুকম্যানের ৭৯ মিনিটের গোলে ব্যবধান ২-০ হয়। শেষ পর্যন্ত কোনো গোল শোধ দিতে পারেনি ইউনাইটেড। ফলে অ্যাটলেটিকোর বিপক্ষে ৫ ম্যাচ খেলে জয়হীনই (৩ হার, ২ ড্র) থাকতে হলো ইংলিশ জায়ান্টদের।