রাজধানীর শাহবাগ থানাধীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী রমনা কালী মন্দিরের চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়াও ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত ৩ জনকে চোরাই মালসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন। গ্রেপ্তাররা হলেনÑ লিপি কর্মকার (২৯), তার স্বামী অর্ণব রায় দীপ্ত (৩০) ও মো. মুহিন (৩৭)।
জানা যায়, গত ৭ই অক্টোবর সকাল অনুমান ৮টা ৪৫ মিনিট থেকে বিকাল ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোর মন্দিরের প্রায় ৬ আনা ওজনের স্বর্ণ চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। বিষয়টি জানতে পেরে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তথ্য-প্রযুক্তির সহায়তায় চোর শনাক্তকরণে মাঠে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় রোববার সকাল সাড়ে ১১টায় ডিএমপি’র উত্তরখান থানাধীন দোবাদিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় চুরির সঙ্গে জড়িত আসামি লিপি কর্মকার ও তার স্বামী অর্ণব রায় দীপ্তকে আটক করে শাহবাগ থানা পুলিশ। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানাধীন সাদিয়া জুয়েলার্সে অভিযান পরিচালনা করা হয়। সোমবার বিকাল ৩টায় সেখান থেকে চোরাই স্বর্ণ কেনার অপরাধে দোকান মালিক মুহিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার থেকে ২ আনা ১ রতি ৪ পয়েন্ট স্বর্ণ উদ্ধার করা হয়।
ডিএমপি’র যুগ্ম কমিশনার ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃত লিপি ও অর্ণব আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় চুরির দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জিজ্ঞাসাবাদে লিপি গত ১৩ই সেপ্টেম্বর সিদ্ধেশ^রী কালী মন্দিরে চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তার দেয়া তথ্যমতে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও এ ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
রমনা কালী মন্দিরের চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
১৪ অক্টোবর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
