ভোটার তালিকা সংশোধন ঘিরে উত্তপ্ত জাতীয় রাজনীতির মধ্যেই সুপ্রিম কোর্টের আইনজীবী ও সমাজকর্মী প্রশান্ত ভূষণের বক্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তার একটি অডিও রেকর্ডিং প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারকে ক্ষমতাচ্যুত করার একমাত্র পথ হিসেবে ‘বিপ্লবের’ কথা বলতে শোনা গিয়েছে। একই সঙ্গে সম্ভাব্য রক্তপাতের উল্লেখও রয়েছে ওই রেকর্ডিংয়ে। বিষয়টি সামনে আসতেই ভূষণের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে অস্থির করার পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে এই মন্তব্য। বিরোধীদের আন্দোলনের আড়ালে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে বলেও দাবি বিজেপি’র।
প্রকাশিত অডিও ক্লিপটি এক্স বা টুইটারের একটি অনলাইন আলোচনা সভার অংশ বলে দাবি করা হয়েছে। আলোচনাটি আয়োজন করেছিলেন নিমো যাদব এবং জিতেশ নামে একটি অ্যাকাউন্টের ব্যবহারকারী। সেখানে উপস্থিত ছিলেন প্রশান্ত ভূষণ। আলোচনার এক পর্যায়ে কৌতুকশিল্পী কুণাল কামরা আইনজীবীদের হাতে দেশের শাসনভার থাকা নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নামে প্রচলিত একটি মন্তব্যের প্রসঙ্গ তোলেন। তার জবাবে ভূষণকে বলতে শোনা গিয়েছে, বর্তমান পরিস্থিতিতে অন্য কোনো পথ খোলা নেই। ক্ষমতা পুনরুদ্ধারের একমাত্র উপায় বিপ্লব। সেই বিপ্লবে অনেক রক্তপাত হতে পারে বলেও তিনি মন্তব্য করেন বলে রেকর্ডিংটি ঘিরে দাবি উঠেছে।
কথোপকথনের অন্য অংশে পুলিশ ও আধাসামরিক বাহিনীর ব্যবহারের প্রসঙ্গও রয়েছে। ভবিষ্যতে সরকার সেনাবাহিনী নামাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভূষণÑ এমনটাই দাবি করা হচ্ছে। তবে বিচ্ছিন্ন অডিও ক্লিপ থেকে সম্পূর্ণ আলোচনার প্রেক্ষাপট বোঝা কঠিন। রেকর্ডিংটির সত্যতা নিয়েও স্বাধীন ভাবে নিশ্চিত হওয়া যায়নি।
