ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে দুই ব্যক্তিকে ভিজিট ভিসায় মালয়েশিয়ায় পাঠায় প্রতারক মাসুদ করিম। এরপর তাদের তুলে দেয়া হয় মানব পাচার চক্রের হাতে। সেখানে তাদের জিম্মি করে আদায় করা হয় মুক্তিপণ। এই অভিযোগে দায়ের করা মানিলন্ডারিং মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার দুপুরে রাজধানীর পল্টন থানাধীন পলওয়েল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ করিম শরীয়তপুর জেলার সখিপুর থানার মনাই হাওলাদার কান্দি (চরভাগা) গ্রামের বাসিন্দা। গতকাল সিআইডি’র বিশেষ পুলিশ সুপার(মিডিয়া) মো. ছুফি উল্লাহ এসব তথ্য জানান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই ভুক্তভোগীকে ওয়ার্ক পারমিট ভিসায় মালয়েশিয়ায় নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। তবে অভিযুক্ত তাদের ভিজিট ভিসায় মালয়েশিয়ায় নিয়ে বিমানবন্দরের বাইরে অজ্ঞাত স্থানে আটকে রাখেন বলে অভিযোগ রয়েছে। পরে আন্তর্জাতিক সংঘবদ্ধ মানব পাচার চক্রের সহায়তায় ভুক্তভোগীদের আত্মীয়স্বজনের কাছে ফোন করে তাদের মুক্তির বিনিময়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় ভুক্তভোগীদের শারীরিক ও মানসিক নির্যাতন এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ভুক্তভোগীদের মুক্তিপণ বাবদ ব্যাংক হিসাবের মাধ্যমে দুই লাখ টাকা আদায় করা হয়। এ ঘটনায় মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে মানিলন্ডারিং অনুসন্ধান চালানো হয়।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাসুদ করিম এবং তার মালিকানাধীন প্রতিষ্ঠান তাহসিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের, পলাতক অভিযুক্তদের পাশাপাশি চক্রটির দেশি-বিদেশি সহযোগী ও সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানায় সিআইডি।
এদিকে, বিদেশে কর্মসংস্থান, অভিবাসন কিংবা ভ্রমণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করার আহ্বান জানিয়েছে সিআইডি। সংস্থাটি বিদেশযাত্রার ক্ষেত্রে সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার পরামর্শ দিয়েছে। এ ছাড়া ভিসা দেয়ার নামে অস্বাভাবিক অঙ্কের অর্থ দাবি, পাসপোর্ট আটকে রাখা, ভিসা জালিয়াতি, মানব পাচার কিংবা অবৈধ অভিবাসনের সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জড়িত থাকার সন্দেহ হলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সিআইডিকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
