এসএসসিতে ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ফন্ট সাইজ:

এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পুনঃপরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষাব্যবস্থায় থাকবে, নাকি কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় স্থানান্তরিত হবে, তা নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন- শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এই অবক্ষয় রোধে একটি প্রজন্ম থেকেই পরিবর্তনের উদ্যোগ নিতে হবে, যাতে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না ঘটে। এ কারণে প্রধানমন্ত্রী এবার চতুর্থ শ্রেণি থেকে সংস্কৃতি, খেলাধুলা, নৈতিকতা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন।

ঝরেপড়া ও অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারা পাস করেছে, তারা তো করেছেই। তবে ঝরে পড়া ও ফেল করা শিক্ষার্থীদের আগে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কীভাবে তাদের পুনরুজ্জীবিত করে শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

এসএসসি পরীক্ষার নতুন পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসিতে আমরা যেটা করবো, তা হচ্ছে- সর্বোচ্চ দু’টি বিষয়ে যারা ফেল করবে, ফলাফল প্রকাশের ১৫ দিনের মধ্যে তাদের পরীক্ষা আবার নেবো। ফেলের এ লিগ্যাসি আমরা বছরের পর বছর টেনে নিয়ে যাবো না। ১৫ দিনের মধ্যে নেয়া পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে তারা সাধারণ শিক্ষা ব্যবস্থায় থাকবে না কি থাকবে না। সেখানে না পারলে তাদেরকে আমরা কারিগরি বা ভোকেশনাল শিক্ষায় নিয়ে যাবো।