বৃটেনে হামলার ছক, এআই দিয়ে প্রাণঘাতী জীবাণু তৈরির শঙ্কা

এমআই-৫ প্রধানের সতর্কবার্তা

বৃটেনে হামলার ছক, এআই দিয়ে প্রাণঘাতী জীবাণু তৈরির শঙ্কা

ফন্ট সাইজ:

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার সন্ত্রাসবাদের হুমকিকে আরও ভয়াবহ করে তুলছে। এই প্রযুক্তি কাজে লাগিয়ে বৃটেনে ড্রোন হামলা চালানোর পাশাপাশি প্রাণঘাতী জীবাণু তৈরি করে ব্যাপক মৃত্যু ও রোগ ছড়িয়ে দেয়ার চেষ্টা করতে পারে সন্ত্রাসী গোষ্ঠীগুলো। এমন সতর্কবার্তা দিয়েছেন বৃটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই-৫ প্রধান স্যার কেন ম্যাককালাম।
বার্ষিক ভাষণে তিনি জানান, এআই ব্যবহার করে হামলার প্রস্তুতি ও গোয়েন্দা নজরদারির সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে সন্ত্রাসীরা। এমআই-৫ ইতোমধ্যে এমন সন্ত্রাসীদের শনাক্ত করেছে, যারা এআই-সক্ষম ড্রোন ব্যবহার করে বৃটেনে হামলা চালানোর পরিকল্পনা করছিল।

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ড্রোন প্রযুক্তির ব্যাপক ব্যবহার থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো অনুপ্রাণিত হতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাটি। ইউক্রেনের যুদ্ধে শত্রুপক্ষের প্রতিরক্ষা অবস্থান থেকে বহু দূরে বসে পরিচালিত ড্রোন দিয়ে হামলা চালানো হচ্ছে। একই ধরনের প্রযুক্তি বৃটেনেও সন্ত্রাসী হামলায় ব্যবহৃত হতে পারে বলে সতর্ক করেছেন ম্যাককালাম।
তিনি বলেন, এআইয়ের কারণে হামলাকারী ও প্রতিরক্ষাকারীদের মধ্যে সাইবার নিরাপত্তার লড়াই আরও তীব্র হচ্ছে। ব্যক্তিবিশেষকে লক্ষ্য করে প্রচারণা ও উগ্রবাদে উদ্বুদ্ধ করার উপকরণ তৈরিতেও এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব।

প্রাণঘাতী জীবাণু তৈরিতে এআইয়ের ঝুঁকি
এমআই-৫ প্রধানের মতে, এআইয়ের অপব্যবহারের সবচেয়ে উদ্বেগজনক দিকগুলোর একটি হলো রাসায়নিক, জৈবিক ও তেজস্ক্রিয় অস্ত্র তৈরির ক্ষেত্রে এর সম্ভাব্য ব্যবহার। বিশেষ করে নতুন ধরনের রোগজীবাণু তৈরিতে এই প্রযুক্তি ব্যবহারের আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, ‘এখনো বাস্তবে দেখা যায়নি, তবে এআইয়ের এমন অপব্যবহারের আশঙ্কাকেই আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব, যা বিদ্যমান কিংবা নতুন জৈবিক অস্ত্রের ঝুঁকির মাত্রা বদলে দিতে পারে। এসব ঝুঁকি বাস্তব।’
তিনি বলেন, গত ২৫ বছর ধরে আল-কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো রাসায়নিক, জৈবিক কিংবা তেজস্ক্রিয় অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনে আগ্রহী। কিন্তু তাদের জন্য তা সহজ হয়নি। এখন এআইয়ের কারণে বিপজ্জনক জ্ঞান এমন ব্যক্তিদের হাতে পৌঁছে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যাদের হাতে তা থাকা উচিত নয়।
ম্যাককালাম আরও বলেন, আগে দেখা যায়নি এমন নতুন রোগজীবাণু তৈরিতে এআইয়ের সম্ভাব্য ব্যবহার নিয়েও সতর্কভাবে ভাবতে হবে। এসব ঝুঁকি মোকাবিলায় বৃটেনের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অংশীদারের সঙ্গে কাজ করছে এমআইফাইভ।

রাশিয়ার পাশাপাশি ইরানের দিক থেকেও পরোক্ষ হামলার আশঙ্কা রয়েছে বলে এদিন সতর্ক করেন ম্যাককালাম। ম্যাককালামের ভাষ্য, তেহরান সামরিক স্থাপনার মতো অধিক সুরক্ষিত লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা অর্জন করতে চায়
গত ১২ মাসে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় বৃটেনে ৫০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। তবে রাশিয়াকেই এখনো প্রধান আগ্রাসী শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।
তার ভাষায়, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ক্রেমলিন বৃটেন ও তার মিত্রদের বিরুদ্ধে চাপ সৃষ্টি এবং ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে।
চীনের গুপ্তচরবৃত্তির হুমকি মোকাবিলার পাশাপাশি চরম ডানপন্থি সন্ত্রাসবাদের উল্লেখযোগ্য বৃদ্ধির বিষয়েও সতর্ক করেন ম্যাককালাম।