বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের ডেঙ্গু প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের ডেঙ্গু প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার মঙ্গলবার ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রবের সভাপতিত্বে সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট ড. হেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা আর সেমিনারের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ। তিনি বলেন, সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের যেসকল প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জনগণ সেবা বঞ্চিত হচ্ছে। তাই স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলোকে কার্যকর করে ডেঙ্গু প্রতিরোধসহ নাগরিকদের যথাযথ সেবা প্রদান নিশ্চিত করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএইচের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান। উপস্থাপিত প্রবন্ধ পর্যালোচনা করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. খোরশেদ আলী মিয়া। আরও বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হালিম, ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মারুফ শাহরিয়ার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুর উদ্দিন তালুকদার।

বক্তারা বলেন, করোনোর মতো ডেঙ্গু বাংলাদেশে মহামারি আকার ধারণ করছে। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোনো পদক্ষেপ দেখা যায় না। এছাড়া ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থার সংকট থাকায় আক্রান্ত রোগী ও তাদের স্বজনেরা ভোগান্তিতে পড়তে হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণকে সচেতন থাকতে বক্তারা আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে প্রফেসর আব্দুর রব বলেন, ডেঙ্গু আক্রান্ত এক লাখেরও বেশি লোক শনাক্ত হলেও ডেঙ্গু প্রতিরোধে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ দেখা যায় না। তিনি বলেন, রাজনীতি যদি হয় কেবল ক্ষমতার জন্য তবে জনগণের প্রতি রাজনৈতিক দলের দায়বদ্ধতা থাকে না। জনগণের প্রতি সরকারের চেয়ে বিরোধীদলের দায়বদ্ধতা বেশি দেখা যাচ্ছে। কারণ বিরোধীদল জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম চালাতে দেখা যায়। বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন কর্তৃক ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার আয়োজন করায় তিনি সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সামাজিক সংগঠনের চেয়ে বেশি জরুরি রাজনৈতিক দল এবং সরকারের ভূমিকা। তিনি আরও বলেন, সরকার দাবি করে জনগণের ভোটে তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে কিন্তু জনগণের জন্য তাদের কোনো কর্মসূচি দেখা যায় না। ডেঙ্গু মহামারির দিকে যাচ্ছে সতর্ক করে ডেঙ্গু প্রতিরোধে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের মতো অন্যান্য সামাজিক সংগঠন গুলোকে জনসচেতনা মূলক কর্মসূচির আয়োজন চালিয়ে যেতে তিনি অনুরোধ করেন।