বিরোধী নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

বিরোধী নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

ফন্ট সাইজ:

বিরোধী জোট ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতাদের চা-পানের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের লোকসভায় বিরোধীদলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার নিজের বাসভবনে বিরোধী দলের সংসদ সদস্য, ছাত্র সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে চা-পানের আয়োজন করেছেন তিনি।

ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে রাহুল গান্ধী লিখেছেন, ‘আজ আমি আমার বাড়িতে ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতাদের, বিরোধী দলের সংসদ সদস্যদের, ছাত্র সংগঠনগুলোকে এবং সুশীল সমাজের বন্ধুদের চায়ের আমন্ত্রণ জানিয়েছি।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র রক্ষার এই গণআন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং এই আন্দোলন অব্যাহত থাকবে।’ চা-পানের এই আয়োজন শেষে বিরোধী নেতারা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন রাহুল গান্ধী।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন রাহুল গান্ধীসহ বিরোধী দলগুলোর নেতারা। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। এ নিয়ে বিরোধীদের প্রতিবাদের মধ্যেই চা-পানের এই আয়োজন করা হচ্ছে।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি তুলেছেন বিরোধী নেতারা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) অভিযানের সময় নির্বাচন কমিশনের নেয়া বেশ কিছু সিদ্ধান্ত সম্পর্কে কমিশনারদের সবাইকে অবহিত করা হয়নি। এমনকি দুই নির্বাচন কমিশনার এসব সিদ্ধান্তের বিরোধিতাও করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসআইআর প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের আপত্তির মধ্যে রাহুল গান্ধীর এই উদ্যোগকে বিরোধী দলগুলোর মধ্যে সমন্বয় জোরদারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

তবে চা-পানের বৈঠকে কী সিদ্ধান্ত হয় এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে পরবর্তী কর্মসূচি কী হবে, তা জানতে বৈঠক-পরবর্তী বক্তব্যের অপেক্ষা করতে হবে।