সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ মিশন। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে মিশন জানায়, চলমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এ পরিপ্রেক্ষিতে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিসংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা সংশ্লিষ্ট তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকার অনুরোধ জানিয়েছে মিশন। এ ছাড়া ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনো তথ্যের জন্য দূতাবাসের শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৫, পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৬ এবং কূটনৈতিক উইংয়ের নম্বর ৮০০১০০০১২৪-এ যোগাযোগ করা যাবে। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের নিয়মিত তথ্য ও পরবর্তী নির্দেশনা জানতে রিয়াদে বাংলাদেশ মিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।