কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক

ফন্ট সাইজ:

কুমিল্লায় ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত চলা এ অভিযানে তাদের আটক করে পুলিশ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘কুমিল্লা জেলায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানা এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে। কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সকল স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৫৩ জনকে আটক করা হয়। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যার পরপরই জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম আলোচনায় উঠে আসে। পরে ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু হয়।

জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য মতে, সর্বশেষ পাঁচ ধাপের অভিযানে মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তাদের অধিকাংশই ছাত্র। বাকি ৬২৬ জনকে বিভিন্ন অপরাধ সংশ্লিষ্টতায় আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে।