যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না ট্রাম্প: রেজাই

যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না ট্রাম্প: রেজাই

ফন্ট সাইজ:

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এমন মন্তব্য করেছেন ইরানের নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই। যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে তেহরানের দেয়া সাতটি শর্তের কয়েকটি যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে ওয়াশিংটনের প্রতিক্রিয়া এখনো যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, পরবর্তী পদক্ষেপ নেয়ার আগে দুই দেশের মধ্যে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে, সেগুলোর সমাধান করতে হবে যুক্তরাষ্ট্রকে। আলোচনার সময় বারবার মার্কিন হামলার ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ইরান আর আগের কূটনৈতিক পদ্ধতিতে ফিরে যাবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে রেজাই অভিযোগ করেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভুল পরামর্শে প্রভাবিত হয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়েছে। তার ভাষায়, এই সংঘাত ‘মানব ইতিহাসের সবচেয়ে নির্বোধ যুদ্ধগুলোর একটি’। এ ছাড়া নৌবাহিনী মোতায়েন করেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে ব্যর্থ হয়ে ওয়াশিংটন এখন চোরাচালানের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেন রেজাই। তবে এ অভিযোগের পক্ষে বিস্তারিত তথ্য দেননি তিনি।

রেজাই বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় থাকবে এবং যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় তেহরান তার নির্ধারিত শর্তগুলো থেকে সরে আসবে না।