‘ইউফোরিয়া’ তারকা সিডনি সুইনি তার বিতর্কিত স্পোর্টস বেটিং বিজ্ঞাপন নিয়ে অনড় অবস্থানে রয়েছেন। আগের বিজ্ঞাপনের জন্য সমালোচনার মুখে পড়ার কয়েক সপ্তাহ পরই তিনি নতুন একটি বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছেন। রোববার প্রকাশিত প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্ম নভিগ-এর নতুন এই বিজ্ঞাপনে তাকে টপলেস অবস্থায় কেবল সাদা অন্তর্বাস পরিহিত অবস্থায় দেখা যায়। এ সময় তিনি কৌশলগতভাবে কয়েকটি ফুটবল দিয়ে নিজের শরীর ঢেকে রাখেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ওই বিজ্ঞাপনে সুইনি বলেন, ‘প্রাপ্তবয়স্ক পুরুষরা স্প্রেডশিট তৈরি করে বাজি ধরছেন যে আমি কী রঙের অন্তর্বাস পরে আছি। সত্যি বলতে, আমি এতে আপ্লুত।’ এরপর তিনি রসিকতা করে বলেন, কেউ একজন যুদ্ধের ওপর তার পেনশনের জমানো টাকা বাজি ধরছেন। সবশেষে তিনি বলেন, ‘নভিগ... শুধুই স্পোর্টস।’
কয়েক সপ্তাহ আগে সুইনির প্রথম নভিগ বিজ্ঞাপনটি নারী ক্রীড়াবিদ ও সমালোচকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। তারা অভিযোগ করেছিলেন, এই কোম্পানিটি খেলাধুলায় নারীদের যৌনবস্তু হিসেবে উপস্থাপন করছে। প্রথম বিজ্ঞাপনে তাকে প্রায় নগ্ন অবস্থায় স্পোর্টস সরঞ্জাম নিয়ে পোজ দিতে দেখা গিয়েছিল। সাঁতারু আরিয়ার্ন টিটমাস একে নারী ক্রীড়াবিদদের জন্য ‘মুখে লাথি মারার সমতুল্য’ বলে আখ্যা দিয়েছিলেন। জিমন্যাস্ট গ্রেসি ক্রেমার অভিযোগ করেন, বিজ্ঞাপনটিতে নারী ক্রীড়াবিদদের ‘পুরুষতান্ত্রিক দৃষ্টিতে’ তুলে ধরা হয়েছে এবং ব্রিটিশ স্প্রিন্টার অ্যামি হান্ট বলেন, এটি নারী ক্রীড়াবিদদের ভুলভাবে উপস্থাপন করেছে।
সমালোচনার জবাবে সুইনি সেসময় সেরেনা উইলিয়ামস, মেগান র্যাপিনো এবং ক্যারোলিন ওজনিয়াকিসহ বেশ কয়েকজন বিখ্যাত নারী ক্রীড়াবিদের ছবি শেয়ার করেছিলেন, যারা ইএসপিএনের বডি ইস্যুর জন্য নগ্ন হয়ে পোজ দিয়েছিলেন। ক্রোনাস কমিউনিকেশনসের প্রতিষ্ঠাতা আদ্রিয়েন উথে ফক্স নিউজকে বলেন, মানুষ বিজ্ঞাপনটি অপছন্দ করতেই পারে, তবে এটি সুইনির ক্যারিয়ার বা ব্র্যান্ডের কোনো ক্ষতি করবে না। সুইনি নিজের যৌন আবেদনকে তার ব্র্যান্ডের অংশ হিসেবে বেছে নিয়েছেন। অন্যদিকে, নভিগ তাদের মূল বিজ্ঞাপনটির পক্ষে সাফাই গেয়ে বলেছিল, এটি আত্মবিশ্বাস ও হাস্যরস নিয়ে তৈরি একটি মজার আইডিয়া।
