প্যারাগুয়ে ও বেলিজের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বেইজিং। তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখায় এই নিষেধাজ্ঞার মুখে পড়লেন তারা। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই শাস্তিমূলক পদক্ষেপের ঘোষণা দেয়।
প্যারাগুয়ের যোগাযোগমন্ত্রী গুস্তাভো ভিলাতে এবং বেলিজের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস ফনসেকার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ঘোষিত নিষেধাজ্ঞার আওতায় ওই দুই মন্ত্রী হংকং ও ম্যাকাওসহ চীনে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে চীনের কোনো প্রতিষ্ঠান বা নাগরিকের তাদের সঙ্গে কোনো প্রকার লেনদেন ও সহযোগিতামূলক কাজে যুক্ত থাকার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। বর্তমানে বিশ্বে মাত্র ১২টি দেশের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে, যার মধ্যে প্যারাগুয়ে ও বেলিজ অন্যতম। বেইজিং জানিয়েছে, এই রাজনীতিবিদরা জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার তোয়াক্কা না করে চীনবিরোধী অবস্থান থেকে তাইপের সঙ্গে সম্পর্ক বজায় রাখছেন। তবে সংশ্লিষ্ট দেশের মন্ত্রীরা সাধারণত চীন সফর করেন না বলে এই পদক্ষেপকে অনেকটাই প্রতীকী বলে মনে করা হচ্ছে।
