হামে কমলগঞ্জের ১১ মাসের শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

চিকিৎসাধীন অবস্থায় ১১ মাস বয়সী শিশু আবু তালহার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু তালহা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জালালিয়া গ্রামের সুমন মিয়ার ছেলে। জানা যায়, হাম রোগে আক্রান্ত হয়ে প্রায় ১৫ দিন আগে শিশু তালহা অসুস্থ হয়ে পড়লে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ৪-৫ দিন চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পরিবার তাকে বাড়ি নিয়ে আসে। শনিবার সকালে শিশুটি ফের অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে মৌলভীবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট রেফার্ড করেন। পরবর্তীতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শিশুর দাদা তাজু মিয়া জানান, প্রথমে কমলগঞ্জে চিকিৎসার পর শিশুটি সুস্থ হয়ে উঠেছিল। কিন্তু শনিবার ফের গুরুত্বর অসুস্থ হলে দ্রুত তাকে সিলেটে নেয়া হলেও বাঁচানো যায়নি।