সাফল্যের ১ যুগ পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)। শনিবার পুনর্মিলনী, প্রীতিভোজ, ক্রিকেট ম্যাচ, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যদিয়ে ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য দেন বর্তমান কমিটির সভাপতি নাহিদুল ইসলাম। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. ইমাম হোসেন, আব্দুল কবির ফারহান, আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন পাঠানসহ অন্যান্য সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা প্রফেসর ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. হাছান উদ্দীন এবং বিভিন্ন অনুষদের ডিন ও হলের প্রভোস্টবৃন্দ। ভিসি ড. গোলাম রব্বানী বলেন, সাংবাদিক সমিতির এক যুগ পূর্তিতে আমি সবাইকে অভিনন্দন জানাই। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকতার নীতি- নৈতিকতা বজায় রাখতে হবে। প্রশাসন ও সাংবাদিকেরা কেউ কারও প্রতিপক্ষ নন, সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। দিনব্যাপী আয়োজনের শেষপর্বে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগীত পরিবেশন করে লোকব্যান্ড ‘সন্ধি’।
২০১৪ সালের ১১ অক্টোবর ৪ সদস্যের আহ্বায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করা সংগঠনটি দীর্ঘ ১ যুগ ধরে ক্যাম্পাসের নানা ঘটনা ও শিক্ষার্থীর কণ্ঠস্বর গণমাধ্যমে তুলে ধরে পেশাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।
নোবিপ্রবি সাংবাদিক সমিতির সাবেক-বর্তমানদের মিলনমেলা
নোবিপ্রবি প্রতিনিধি
১২ অক্টোবর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
