কেন্দুয়ায় পৃথক ঘটনায় প্রাণ গেল দুই ভাই ও গৃহবধূর

ফন্ট সাইজ:

নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পর্শে দুই সহোদর ও কীটনাশক পানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে দুই শিশুর এবং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের রাজনগর গ্রামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো কাওয়ালিকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোয়াদ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৫)। অপরদিকে, নিহত গৃহবধূর নাম হামিদা আক্তার (৫০)। তিনি রাজনগর গ্রামের আবুল কাশেম আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে খেলছিল দুই ভাই। এ সময় প্রতিবেশী নুরেছা খাতুনের বাড়ির পল্লী বিদ্যুতের আর্থিং তারে স্পর্শ করলে এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে অপর ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

পরে পুলিশ দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। অন্যদিকে, স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে হামিদা আক্তার শনিবার রাতে কীটনাশক পান করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে তার মৃত্যু হয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায়ও অপমৃত্যুর মামলা হয়েছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দু’টি ঘটনায়ই অপমৃত্যুর মামলা হয়েছে। বিদ্যুৎস্পর্শে নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গৃহবধূর মৃত্যুর ঘটনায় সন্দেহ থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।