বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জ সদরে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। এ সময় প্রতি ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত দাম নেয়ায় মেসার্স আকন্দ ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। গতকাল দুপুরে উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।

তিনি মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করে জানান, দেশব্যাপী এলপিজি গ্যাস সিলিন্ডারের বাজার অস্থিরতার বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর। এ সময় সরকার নির্ধারিত ১৮৩৭ টাকা খুচরা মূল্যের বিপরীতে মেসার্স আকন্দ ট্রেডার্সের মালিক এনামুল হক রুবেল অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন। এ অপরাধে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয়ের অপরাধে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।