নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানার বর্জ্য অব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে ফারিহা স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলার খাদুন এলাকায় কারখানাটিতে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুর রহমান।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হজ্জাতুল ইসলাম জানান, ফারিহা স্পিনিং মিলসের ভেতরে যত্রতত্র শিল্পবর্জ্য ফেলে রাখা এবং বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনার যথাযথ ব্যবস্থা না থাকায় কারখানার ভেতরে ও আশপাশের পরিবেশ দূষিত হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের একটি দল কারখানাটিতে অভিযান চালায়। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের সত্যতা পাওয়ায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ অনুযায়ী কারখানা কর্তৃপক্ষকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দ্রুত বর্জ্য অপসারণ ও যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
