চট্টগ্রামে সরকারি গম জব্দ ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সরকারি গম জব্দ ৩ লাখ টাকা জরিমানা

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার নাসিরাবাদ এলাকায় ইউনাইটেড সানফ্লাওয়ার মিলস লিমিটেডের গুদামে অভিযান চালিয়ে ১২০ দশমিক ৫ টন সরকারি গম জব্দ করেছে প্রশাসন। সরকারি খাদ্যশস্য মজুতের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে এসআরবি-৭-এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। রোববার সকালে এসআরবি-৭-এর মুখপাত্র মোসলেহ উদ্দিন আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে সরকারি খাদ্যশস্য মজুত করে ব্যবসা পরিচালনা করছেন-এমন গোপন তথ্যের ভিত্তিতে ইউনাইটেড সানফ্লাওয়ার মিলস লিমিটেডে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির গুদামে সরকারি খাদ্য অধিদপ্তরের ১ লাখ ২০ হাজার ৫০ কেজি গম পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন এবং গম জব্দ করেন। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মণ্ডল অপু জানান, গুদামে থাকা গমের বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা কেনার পক্ষে কিছু চালান ও নথিপত্র দেখিয়েছেন। তবে সরকারি খাদ্যশস্য মজুতের জন্য প্রয়োজনীয় ফুড গ্রেইন লাইসেন্স প্রতিষ্ঠানটির কাছে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা লাইসেন্স না থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন সংক্রান্ত অপরাধ প্রতিরোধে ২০২৩ সালের আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। জব্দ করা গম খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি ও বায়েজিদ থানা পুলিশের তত্ত্বাবধানে রাখা হবে। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারলে গম ছাড়ের বিষয়টি বিবেচনা করা হবে। অন্যথায় আইনানুগ প্রক্রিয়ায় নিলামে বিক্রির ব্যবস্থা নেয়া হবে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, গম মজুতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুদামসংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন নিলাম থেকে গম কেনার দাবি করে নথিপত্র দেখিয়েছেন। পতেঙ্গা সাইলোর তত্ত্বাবধায়ক রাকিবুল হাসান বলেন, সরকারি গম নির্ধারিত গুদাম ছাড়া অন্য কোথাও খালাস করার নিয়ম নেই। সাইলো থেকে গমবাহী ট্রাক ছাড়ার সময় চালান দেয়া হয়। নির্ধারিত গুদামে গম পৌঁছানোর পর সংশ্লিষ্ট ব্যবস্থাপক চালানে স্বাক্ষর করে সেটি আবার সাইলোতে পাঠান। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এসআরবি-৭-এর মুখপাত্র মোসলেহ উদ্দিন আহমেদ।