ধোবাউড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

ধোবাউড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় সাতটি ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। এ নিয়োগ প্রক্রিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা ও আওয়ামী লীগের দোসরদের নিয়োগ দেয়ার অভিযোগ করে বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি নেতাকর্মী ও জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা। শনিবার বিকালে ধোবাউড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব অভিযোগ তুলে সার ডিলার নিয়োগের তালিকা পুনরায় যাচাই এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে স্বচ্ছতা, যোগ্যতা ও প্রকৃত ব্যবসায়িক অভিজ্ঞতাকে যথাযথ গুরুত্ব দেয়া হয়নি। বরং আর্থিক লেনদেনের মাধ্যমে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়েছে বলে তাদের দাবি। এতে দীর্ঘদিন ধরে সার ও কৃষিপণ্যের ব্যবসার সঙ্গে যুক্ত প্রকৃত ব্যবসায়ী, জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারী এবং বিএনপি’র ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন। সংবাদ সম্মেলন থেকে ধোবাউড়া উপজেলার সাতটি ইউনিয়নে সার ডিলার নিয়োগের তালিকা পুনরায় যাচাই, আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানানো হয়। একইসঙ্গে প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য আবেদনকারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে নিয়োগ দেয়ার আহ্বান জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- গামারীতলা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আব্দুস শহীদ, জুলাইযোদ্ধা ইয়াসিন আরাফাত ও যুবদল নেতা আসলাম কবির আরিফ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন বলেন, ‘বিধি মোতাবেক যাচাই বাছাই করে তিনজনের নাম জেলা কমিটিতে পাঠানো হয়েছে। চূড়ান্ত তালিকা জেলা কমিটি থেকে পাঠানো হয়েছে।’