নারী অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক পাকিস্তানকে ৩২ রানে হারিয়ে ফাইনালে পা রাখলো জুনিয়র টাইগ্রেসরা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন সাদিয়া ইসলাম। ২৮ বলের ঝলমলে ইনিংসে ছিল ৩ চার ও ২ ছক্কা। ৩ চারে ৪০ বলে ৩২ রান করেন শিরিনা খাতুন। নিশিতা আক্তার নিশি ২০ বলে ২০ ও সাদিয়া আক্তার শেষ দিকে ৭ বলে ১৪ রানের ক্যামিও খেলেন। জবাবে শুরু থেকে চাপে ছিল পাকিস্তান। ওপেনার রাভাইল ফারহান ২৬ বলে ৩৬ রান করলেও বাকিরা তেমন সুবিধা করতে পারেননি।
আকসা ৩২ বলে ২৩ ও রোজিনা ১৬ বলে ১৩ রান করেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯ উইকেটে ১০৪ রানেই থামে তাদের ইনিংস। বল হাতে বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিন মেধা নেন ৩ উইকেট। নিশিতার শিকার ২ উইকেট। একটি করে উইকেট নেন আফরিন মিম, অপর্ণা দাস তিথি ও জান্নাতুল ফেরদৌসি। ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। বিদায় নিয়েছে স্বাগতিক পাকিস্তান।
