স্থগিতাদেশের চোখ রাঙানি উপেক্ষা করে পর্তুগালে ফিরছেন রোনালদো!

স্থগিতাদেশের চোখ রাঙানি উপেক্ষা করে পর্তুগালে ফিরছেন রোনালদো!

ফন্ট সাইজ:

শাস্তি আর বিতর্কের মেঘ কেটে যাওয়ার আগেই দেশের জার্সিতে প্রত্যাবর্তনের সবুজ সংকেত পেয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমে ডেনমার্ক ম্যাচের আগে হুট করে ক্যাম্প ছাড়ার কারণে তার বিরুদ্ধে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানা যায়। তবে তার ২৪ ঘন্টা পার হওয়ার আগেই খোদ ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েন্সা ইঙ্গিত দিয়েছেন-আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে স্কোয়াডে থাকছেন সিআরসেভেন।

এই ঘটনাকে কেন্দ্র করে পর্তুগিজ ফুটবলে বেশ তোলপাড় শুরু হয়। ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল রোনালদোর বিরুদ্ধে দ্রুত তদন্ত ও অস্থায়ী স্থগিতাদেশের ঘোষণা দেয়। সংবাদমাধ্যমে গুঞ্জন ওঠে, এই অপরাধে ১ থেকে ৬ মাস পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন আল-নাসর মহাতারকা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পর্তুগিজ ফুটবল প্রধান ঘোষণা করেন, দল ও বোর্ডের কাছে রোনালদোর গুরুত্ব অপরিসীম।

শনিবার এএফ পোর্তোর নতুন মাঠ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের পর্তুগিজ ফেডারেশন সভাপতি প্রোয়েন্সা বলেন, ‘ফেডারেশন, কোচ এবং দলের প্রতিটি সতীর্থের ভাবনা এক-আমরা রোনালদোকে দলে ফিরে পেতে চাই। দলের এই অধিনায়ক নিজেও মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছেন। আমি আশা করছি, আগামী নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতেই তিনি জাতীয় দলে ফিরবেন।’

এদিকে মাঠের বাইরের এই টানাপোড়েনের মাঝেও সুবিধাজনক অবস্থানে রয়েছে পর্তুগাল। উয়েফা নেশনস লীগের ‘এ৪’ লীগের গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচেই জয় তুলে নিয়েছে পর্তুগাল। সেইসঙ্গে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করে ফেলেছে তারা। গ্রুপসেরা পর্তুগালের ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। আগামী ১৪ই নভেম্বর ঘরের মাঠে ডেনমার্ক মুখোমুখি হবে তারা। পরবর্তী ম্যাচে ১৭ই নভেম্বর ওয়েলসের মাঠে খেলতে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিশ্লেষকদের মতে, শাস্তির খাঁড়া ঝুললেও পর্তুগাল টিম ম্যানেজমেন্ট তাদের সেনাপতিকে নিয়েই মিশন শেষ করতে চায়।