ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই দল নিউজিল্যান্ডের

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই দল নিউজিল্যান্ডের

ফন্ট সাইজ:

আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে ২১ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেসি)। পাঁচ ম্যাচের এই সিরিজে থাকছে এক অভিনব দল বিভাজন। মূলত ভারত সিরিজের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে স্কোয়াডটি দুই ভাগে ভাগ করা হয়েছে।

নিউজিল্যান্ড দলে ফিরেছেন মারকুটে ব্যাটার ফিন অ্যালেন, পেসার লকি ফারগুসন এবং উইকেটকিপার-ব্যাটার টিম সাইফার্ট। গত বছরের শেষভাগের পর এই প্রথম ওয়ানডে স্কোয়াডে জায়গা পেলেন অ্যালেন ও ফার্গুসন। গত মাসে একটি বিজ্ঞাপন শ্যুটিংয়ের সময় কাঁধে চোট পাওয়া রাচিন রবীন্দ্র টি-টোয়েন্টি সিরিজ মিস করছেন। তবে ওয়ানডে দলে ফিরেছেন এ কিউই অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের নির্বাচকরা প্রথম তিনটি ওয়ানডের জন্য এক দল এবং শেষ দুটি ওয়ানডের জন্য ভিন্ন স্কোয়াড সাজিয়েছেন। এর মূল কারণ, তৃতীয় ওয়ানডের পর টেস্ট দলের বেশ কয়েকজন সদস্য ওয়েলিংটনে চলে যাবেন। সেখানে ১৯শে নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি।

কোচ রব ওয়াল্টার এই পরিকল্পনা নিয়ে বলেন, ‘ভারত একটি শক্তিশালী দল। ঘরের মাঠে পূর্ণ স্টেডিয়ামের সামনে খেলা আমাদের জন্য দারুণ সুযোগ। আগামী বছরই ওয়ানডে বিশ্বকাপ, তাই এই সিরিজটিকে আমরা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছি। শেষ দুই ওয়ানডেতে অতিরিক্ত সাতজন খেলোয়াড়কে সুযোগ দেয়া মানে আমাদের বেঞ্চের শক্তি পরীক্ষা করা।’

চোটের কারণে এই সিরিজ থেকে বাইরে আছেন জ্যাকারি ফোকস, উইল ও’রুর্ক এবং বেন সিয়ার্স।

নিউজিল্যান্ডের তিন ওয়ানডের স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, উইল ইয়ং ও ব্লেয়ার টিকনার।

শেষ দুই ওয়ানডে স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, লকি ফারগুসন, মিচ হে (উইকেটকিপার), নিক কেলি, টিম সাইফার্ট (উইকেটকিপার), ব্লেয়ার টিকনার এবং উইল ইয়ং।