এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসেই ফের পরীক্ষার সুযোগের চিন্তা

ফন্ট সাইজ:

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ দেয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে সরকার। অকৃতকার্য বিষয়ে দ্রুত পুনরায় পরীক্ষা নেয়ার সুযোগ তৈরির বিষয়ে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহ্‌দী আমিন।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউনে গণসাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, এবারের এসএসসি পরীক্ষায় প্রায় ৬ লাখ ৯ হাজার শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যতের বিষয়ে সরকার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, এসব শিক্ষার্থীর জন্য উপযুক্ত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা তৈরি করে তাদের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী প্রশিক্ষণ এবং ক্যারিয়ার গঠনের ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হচ্ছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, কারও জন্য কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা হতে পারে। কাউকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্ত করা হতে পারে। যাদের ভালো ব্যবসায়িক ধারণা রয়েছে, তাদের জন্য প্রাথমিক অর্থায়নের সুযোগ তৈরির বিষয়টিও বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, জাপানি, কোরীয়, চীনা কিংবা পূর্ব ইউরোপের বিভিন্ন দেশের ভাষা শেখানোর মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে। তিন থেকে ছয় মাসের ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ নিয়ে অনেক শিক্ষার্থী সরাসরি কর্মসংস্থানে যুক্ত হতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, প্রায় ৬ লাখ ৯ হাজার শিক্ষার্থীর প্রত্যাশিত ফলাফল না পাওয়ার পেছনে একক কোনো কারণ নেই। তাই তাদের জন্য সরকারের উদ্যোগও হতে হবে বহুমাত্রিক। যারা ভালো ফলাফল করেছে, তাদের প্রতি রাষ্ট্রের যেমন দায়িত্ব রয়েছে, যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদের প্রতিও রাষ্ট্রের সমান দায়িত্ব রয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, কোনো শিক্ষার্থী যেন ফলাফলের কারণে নিজেকে অবহেলিত মনে না করে। সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকবে।

সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চ্যালেঞ্জের মুখে পড়া শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণ, এর ফলে শিক্ষার্থীদের মানসিক চাপ এবং এ পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়।

গণসাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, গবেষক, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী।