রানওয়ে বন্ধ আধা ঘণ্টা

ঢাকায় বিমানের জরুরি অবতরণ

ফন্ট সাইজ:

যান্ত্রিক ত্রুটির কারণে কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ আকাশে কয়েকবার চক্কর দেয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি। জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লাইট বিজি-৪৩৬ শনিবার বিকাল ৩টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। অনিবার্য অপারেশনাল ও কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল। সব যাত্রী ও ক্রু নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। উড্ডয়নের পর পরই পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান। জরুরি অবতরণের আগে উড়োজাহাজটির জ্বালানি কমিয়ে ওজন হ্রাস এবং বিমানবন্দরে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করতে পাইলটকে আকাশে চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। এ সময় এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।

জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়। ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকাল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েটি বন্ধ ছিল। এ সময় সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়। জরুরি পরিস্থিতি মোকাবিলায় রানওয়েতে ফায়ার সার্ভিস, এম্বুলেন্সসহ প্রয়োজনীয় উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়। পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান।

এদিকে, সিভিল এভিয়েশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬ উড়োজাহাজটির নোজ ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে সম্প্রসারণে সমস্যা দেখা দেয়ায় জরুরি অবতরণের পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে বিকল্প পদ্ধতিতে নোজ ল্যান্ডিং গিয়ার সম্প্রসারণের মাধ্যমে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজটি ৭৮ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্যসহ মোট ৮২ জন আরোহী নিয়ে ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। উড়োজাহাজটির নির্ধারিত অবতরণের সময় ছিল আড়াইটা। উড্ডয়নের পর উড়োজাহাজটির ২ নম্বর হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি দেখা দিলে নোজ ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে সম্প্রসারণে সমস্যা সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে পাইলট ২টা ২০ মিনিটে এরিয়া কন্ট্রোলের মাধ্যমে জরুরি পরিস্থিতির কথা জানান। তখন উড়োজাহাজটি আনুমানিক ১৮ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল। পরবর্তীতে এরিয়া কন্ট্রোল ঢাকা টাওয়ারকে অবহিত করে। পরে পাইলটের কার্যকর পদক্ষেপে বিকল্প পদ্ধতিতে নোজ ল্যান্ডিং গিয়ার সম্প্রসারণ করা সম্ভব হয়। উড়োজাহাজটি ৩টা ৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। অবতরণের পর যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ বিমানবন্দর ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।