ডিজিটাল ফ্যাসিবাদের পথ সুগম করবে

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী

ডিজিটাল ফ্যাসিবাদের পথ সুগম করবে

ফন্ট সাইজ:

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নতুন করে ‘ডিজিটাল ফ্যাসিবাদের’ পথ সুগম করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক নেতা, আইনজীবী, সাংবাদিক ও বিশ্লেষকরা। তারা বলছেন, অপরাধের অস্পষ্ট সংজ্ঞা, গুজব ও মানহানির মতো বিষয়কে কেন্দ্র করে আইনের অপব্যবহার এবং বিচারিক অনুমোদন ছাড়া অনলাইন কনটেন্ট অপসারণের ক্ষমতা বাক্‌স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক অধিকার সংকুচিত করার ঝুঁকি তৈরি করছে। অতীতের ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের অভিজ্ঞতা তুলে ধরে তারা প্রস্তাবিত সংশোধনীর বিতর্কিত বিধান পুনর্বিবেচনা এবং আইনের কাঠামোতেই অপব্যবহারের সুযোগ বন্ধের দাবি জানিয়েছেন।

গতকাল সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী- বাকস্বাধীনতা ও নাগরিক অধিকারের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব আশঙ্কার কথা তুলে ধরেন। সংস্কার বাস্তবায়ন কমিটি, এনসিপি এ সভার আয়োজন করে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ এবং জাতীয় মানবাধিকার কমিশন ও গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সাবেক সদস্য ড. নাবিলা ইদ্রিস। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- এনসিপি’র সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার, ডেইলি ওয়াদার ব্যবস্থাপনা সম্পাদক ফয়সাল মাহমুদ, লেখক, বিশ্লেষক ও নাটশেল টুডের নির্বাহী সম্পাদক অপূর্ব জাহাঙ্গীর এবং এনসিপি’র যুগ্ম সদস্য সচিব ও আইন সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম মুসা। আলোচনা সভা সঞ্চালনা করেন এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক এডভোকেট আরমান হোসাইন।

এনসিপি’র সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের মাধ্যমে অসংখ্য মানুষকে গ্রেপ্তার ও হয়রানি করা হয়েছে। সাংবাদিক, লেখক ও সাধারণ মানুষও এ আইনের শিকার হয়েছেন। লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনাও সেই আইনের অপপ্রয়োগের ভয়াবহতা তুলে ধরে। সে অভিজ্ঞতার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়ন করেছিল, যাতে অনলাইন অপরাধ মোকাবিলার পাশাপাশি নাগরিকদের অযাচিত গ্রেপ্তার ও হয়রানির সুযোগ সীমিত রাখা হয়। কিন্তু বর্তমান সরকার প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে অপরাধের সংজ্ঞা অস্পষ্ট ও ব্যাপক করার উদ্যোগ নিয়েছে, যা বাক্‌স্বাধীনতা সংকুচিত করার আশঙ্কা তৈরি করছে।

তিনি বলেন, সরকার সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে, এককভাবে সংবিধান সংশোধন কমিটি গঠন করে গণভোটের রায় ও জাতীয় ঐকমত্যকে উপেক্ষা করছে। বিএনপি সরকারের এই পদক্ষেপকে তিনি আওয়ামী লীগের আমলের কর্তৃত্ববাদী প্রবণতার সঙ্গে তুলনা করেন।
এনসিপি’র সদস্য সচিব বলেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সংবিধান সংশোধনের ফলে ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। বর্তমান সরকারও সংখ্যাগরিষ্ঠতার জোরে নিজেদের মতো করে সংবিধান সংশোধনের পথে এগোচ্ছে, যা ভবিষ্যতে নতুন সংকট তৈরি করতে পারে।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন সংশোধনীর সমালোচনা করে আখতার হোসেন বলেন, সরকার-সমর্থকদের গালিগালাজ, গুজব ছড়ানো ও মানহানিকর বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। অথচ সরকারের সমালোচনা করলে বিরোধী দলের নেতাকর্মী কিংবা সাধারণ মানুষকে আইনের আওতায় আনার আশঙ্কা রয়েছে। এভাবে অস্পষ্ট আইনের মাধ্যমে জনগণের মধ্যে ভীতি তৈরি করা হতে পারে। তিনি আরও বলেন, দেশে চাঁদাবাজি, লুটপাট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো সংকট থাকলেও সরকার কার্যকর সমাধান দিতে পারছে না। এলপিজি’র নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির পেছনে সিন্ডিকেটের ভূমিকা থাকলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না।

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা প্রশ্ন ফাঁসের কারণে স্থগিত হওয়ার প্রসঙ্গ তুলে এনসিপি’র সদস্য সচিব বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে। তাদের আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে পরীক্ষার জন্য বিভিন্ন জেলা থেকে আসা ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করতে হবে।
জাতীয় মানবাধিকার কমিশন ও গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সাবেক সদস্য ড. নাবিলা ইদ্রিস বলেন, সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীর পক্ষে সরকার যেসব যুক্তি দিচ্ছে, সেগুলোর যৌক্তিকতা যাচাই করা জরুরি। অনলাইনে উস্কানি, সহিংসতার আহ্বান, নারী ও শিশুর প্রতি হয়রানি এবং অপতথ্য ছড়ানোর মতো ঘটনা অবশ্যই উদ্বেগজনক। তবে এসব কর্মকাণ্ডের অনেকগুলোই বিদ্যমান আইনেও অপরাধ হিসেবে বিবেচিত। ফলে এসব অপরাধ প্রতিরোধের যুক্তিতে নতুন করে সংশোধনী আনার ক্ষেত্রে প্রস্তাবিত বিধানগুলোর প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা স্পষ্ট করা দরকার।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে কিছু বিষয় অস্পষ্ট রাখা হয়েছে, যা আইনের অপপ্রয়োগের সুযোগ তৈরি করতে পারে। ২৬(ক) ধারার সংশোধনী প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কোনো ব্যক্তি আন্তরিকভাবে ছড়ানো একটি তথ্যের ভিত্তিতে কারও মৃত্যুর খবর বিশ্বাস করে ‘ইন্না লিল্লাহ’ পড়ে তার জন্য দোয়া করলে, সেই ব্যক্তিরাও কি শাস্তির আওতায় আসবেন?
এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৩টি অপ্রয়োজনীয় বলে দাবি করলেও বর্তমান সরকার কয়েকটি অধ্যাদেশ প্রায় অবিকল রেখে আইন করেছে। স্থানীয় সরকারসংক্রান্ত আইনে নির্বাহী আদেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণের ক্ষমতা রাখা হয়েছে। অথচ জবাবদিহি নিশ্চিত করার অধ্যাদেশ বাতিল করা হলেও সরকারকে জনপ্রতিনিধি অপসারণের ক্ষমতা দেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সাইবার অধ্যাদেশে অনলাইন যৌন নিপীড়ন ও সহিংসতায় উস্কানির মতো বিষয়গুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল। কিন্তু বর্তমান সরকার সাইবার আইনে এমন সংশোধনী আনতে চাইছে, যা ডিজিটাল কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার সুযোগ তৈরি করতে পারে।

এনসিপি’র যুগ্ম সদস্য সচিব ও আইন সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে অস্পষ্ট সংজ্ঞা ও বিধান রাখা হয়েছে, যা বাকস্বাধীনতা ও নাগরিক অধিকারের জন্য উদ্বেগজনক। ২০০৬ সালের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা থেকে শুরু করে ডিজিটাল নিরাপত্তা আইন- বিভিন্ন সময়ে আইনের নাম পরিবর্তন হলেও এর অপব্যবহারের আশঙ্কা দূর হয়নি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল, আর কখনো মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে না। কিন্তু প্রস্তাবিত আইনে গুজবের অস্পষ্ট সংজ্ঞা, মিম তৈরি ও শেয়ার করাকে অপরাধ হিসেবে গণ্য করার সুযোগ এবং মানহানিকে ফৌজদারি অপরাধ হিসেবে রাখার বিষয়গুলো নতুন করে দমন-পীড়নের আশঙ্কা তৈরি করছে।