সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০’। গত ৮ ও ৯ই অক্টোবর আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। টেক্সটাইলভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের আলোচনা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক পরিবেশনা ও ফ্যাশন শো ছিল আয়োজনের উল্লেখযোগ্য আকর্ষণ।
বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে নিটার ক্যাম্পাস। সকাল সাড়ে ৮টায় শুরু হয় নিবন্ধন কার্যক্রম। পরে সকাল ৯টা থেকে টেক্সটাইল অলিম্পিয়াড, মক ইন্টারভিউ, কেস কম্পিটিশন ও ‘৩০০ সেকেন্ড ইনোভেটিভ স্পিচ’সহ বিভিন্ন প্রতিযোগিতা শুরু হয়। পাশাপাশি স্থাপন করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল।
প্রথম দিনের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ ছাড়া টেক্সটাইল শিল্প ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তব্য দেন।
নিটার টেক্সটাইল ক্লাবের আহ্বায়ক বুরহান উদ্দিন বান্না শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে ক্লাবের ধারাবাহিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। এপিলিয়ন গ্রুপের জেনারেল ম্যানেজার মো. সাফায়াত হোসেন তার বক্তব্যে ‘সেভেন ই’ ফর্মুলা তুলে ধরেন।
এ ছাড়া বক্তব্য দেন কাজী ফিরোজ হোসেন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এমডি শাহ-ই-আলম এবং বিটিএমসির পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অডিট) নূরে খাজা আলামিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা।
দুপুর দেড়টার দিকে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। একই সময়ে চলতে থাকে প্রতিযোগিতার বিচারকার্য। মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হয় দিনের দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীদের নাচ-গানের পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে সাংস্কৃতিক আয়োজন। এরপর প্রতিযোগিতামূলক ফ্যাশন শো দর্শকদের বিশেষ আকর্ষণে পরিণত হয়। ফ্যাশন শো শেষে বিচারকেরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। রাত সাড়ে ৯টার দিকে শেষ হয় উৎসবের প্রথম দিনের কার্যক্রম।
শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় বেলা ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আশেকুল আলম রানা।
অনুষ্ঠানে অতিথিরা টেক্সটাইল শিক্ষার উন্নয়ন, শিল্পের সম্ভাবনা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি বিষয়ে বক্তব্য দেন। এ সময় শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের উন্নয়ন ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্প্রসারণসংক্রান্ত দাবি তুলে ধরেন। অতিথিরা এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
শওকত আজিজ রাসেল নিটারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ২০২৬ সালের শীতকালেই কাজ শুরুর আশ্বাস দেন। তিনি বিশেষজ্ঞ শিক্ষক বৃদ্ধি, আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং বৈশ্বিক টেক্সটাইল শিল্পে প্রতিযোগিতা করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতের ওপর গুরুত্বারোপ করেন।
ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে নিটারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিদ্যমান বাধা মোকাবিলায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ববি হাজ্জাজ টেক্সটাইল খাতে নারীদের অংশগ্রহণ ও অগ্রগতিতে উৎসাহ জোগানো এবং বৈশ্বিক টেক্সটাইল শিল্পে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে টেক্সটাইল শিল্পের সম্ভাবনা ও গুরুত্বও তুলে ধরেন।
দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক বক্তব্য শেষে শুরু হয় টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০-এর বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেয়ার মধ্য দিয়ে এ পর্ব সম্পন্ন হয়।
এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের নাচ, গান, নাটক ও র্যাম্প শোতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ব্যান্ডদল ‘অ্যাশেজ’।
নিটারে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০’
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১০ অক্টোবর (শনিবার), ২০২৬, ৫ঃ৫২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
