যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

ট্রাম্পের আশ্বাসে ভরসা নেই

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবেন না বলে মন্তব্য করলেও তাতে ভরসা রাখছে না তেহরান। নতুন করে সংঘাতের আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে ইরান। পরীক্ষা করা হচ্ছে নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও। এমনটাই জানিয়েছেন ইরানের সংবাদপত্র আল-ওয়েফাকের প্রধান সম্পাদক মোখতার হাদ্দাদ।
আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে হাদ্দাদ বলেন, ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পরীক্ষা এবং সামরিক মহড়া থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্যের ওপর নির্ভর করে নিজেদের সামরিক পরিকল্পনা সাজাচ্ছে না ইরান।

তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য নিয়ে ইরানের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে। সরকার ও সামরিক বাহিনীও তার কথিত ‘নির্বাচনকেন্দ্রিক বক্তব্যকে’ গুরুত্ব দিয়ে নিজেদের প্রস্তুতি নির্ধারণ করছে না।
হাদ্দাদের ভাষায়, ইরানের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেকোনো সময় তার নেয়া সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন। অতীতেও ট্রাম্প এমনটা করেছেন। আলোচনা ইতিবাচক পর্যায়ে থাকলেও তা ওলটপালট করতে তিনি দ্বিধা করেননি।

ইরানের এই সম্পাদক বলেন, আগামী দুই বছরও সংঘাত অব্যাহত থাকতে পারে বলে মনে করছে তেহরান। কোনো সমঝোতা হলেও ট্রাম্পের আচরণের কারণে তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম।
তিনি বলেন, ‘তাই দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। বর্তমান মার্কিন প্রেসিডেন্টের অধীনে আগামী দুই বছরও দেশটিকে ধারাবাহিক চাপ ও নানা প্রতিকূলতার মুখে পড়তে হতে পারে বলে তারা মনে করছে।’
হাদ্দাদ আরও বলেন, ‘স্বল্পমেয়াদে নতুন করে সংঘাত শুরুর প্রস্তুতি নিচ্ছে ইরান। একই সঙ্গে দীর্ঘমেয়াদে অব্যাহত সংঘাত ও চাপ মোকাবিলার প্রস্তুতিও নিচ্ছে দেশটি।’