ভক্তদের ভালোবাসা নিয়ে যা বললেন বাংলাদেশী বংশোদ্ভূত কুইন সুলিভান

ভক্তদের ভালোবাসা নিয়ে যা বললেন বাংলাদেশী বংশোদ্ভূত কুইন সুলিভান

ফন্ট সাইজ:

সামাজিক মাধ্যমে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভালোবাসা ও নিজের পারিবারিক ঐতিহ্য নিয়ে কথা বলেছেন কুইন সুলিভান। সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে এই মিডফিল্ডার বাংলাদেশের সঙ্গে তাঁর পারিবারিক সংযোগ এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সামাজিক মাধ্যমে তাঁর কমেন্টবক্স নিয়মিতভাবে বাংলাদেশের পতাকায় ভরে যাওয়া প্রসঙ্গে কুইন সুলিভান জানান, এই সমর্থন একেবারেই অবিশ্বাস্য এবং তাঁরা এটিকে কখনোই হালকাভাবে নেন না। এত মানুষের ভালোবাসা এবং কোনো কিছুর অংশ হওয়ার এই আকুলতা তাঁর কাছে অত্যন্ত বিশেষ কিছু। অসাধারণ এই ফ্যানবেসের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আপনাদের সবাইকে ভালোবাসি। এত বড় সমর্থন পাওয়া এবং এত মানুষ যখন চায় আপনি কোনো কিছুর অংশ হোন, তা সত্যিই খুব বিশেষ কিছু। অসাধারণ একটি ফ্যানবেস এবং আমরা আপনাদের সবাইকে ভালোবাসি।’

বাংলাদেশের জার্সিতে এরই মধ্যে খেলেছে কুইন সুলিভানের দুই ভাই ডেকলান সুলিভান ও রোনান সুলিভান। দেশের হয়ে তাঁরা বয়সভিত্তিক সাফের ট্রফিও জিতেছেন। দুজনেই রাতারাতি তারকা বনে গেছেন বাংলাদেশের ফুটবলে।

নিজের বাংলাদেশি ঐতিহ্য সম্পর্কে আলোকপাত করতে গিয়ে কুইন সুলিভান জানান, তাঁর মায়ের মা (নানি) বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, সেখানেই বড় হয়েছেন এবং এখনও দেশেই বসবাস করছেন। তাঁর নানি দেশ থেকে বাইরে এসে নানার সঙ্গে পরিচিত হন, আর এভাবেই তাঁদের পারিবারিক শেকড়ের সূত্রপাত। সাম্প্রতিক সময়ে তাঁরা এই ঐতিহ্যের সাথে আরও বেশি সম্পৃক্ত হয়েছেন এবং বিষয়টি নিয়ে আরও জানাশোনা করেছেন বলে জানান। ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলা কুইন বলেন, ‘বিশেষ করে যমজ ভাইদের (রোনান ও ডেকলান) জন্য বাংলাদেশ থেকে পাওয়া এই অকৃত্রিম সমর্থন ও ভালোবাসা সম্পর্কে তাঁদের সচেতন করার পেছনে পরিবারের বিশেষ অবদান রয়েছে।’

কুইন সুলিভান ফিলাডেলফিয়া ইউনিয়নে জুনিয়র গ্রুপে খেলছেন ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত। তিনি ফিলাডেলফিয়া ইউনিয়ন সিনিয়র গ্রুপে খেলেছেন ২০২০ সাল থেকে। বর্তমানে কুইন সুলিভান মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলছেন।