দেশে পৌঁছেছে বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ

দেশে পৌঁছেছে বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ

ফন্ট সাইজ:

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। সেখান থেকে তার মরদেহ রাজধানীর মহাখালীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিস প্রাঙ্গণে নেওয়া হয়। এরপর তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ নেওয়া হয় তার বাসায়।

এরপর দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে। বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিরা সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। বেলা ৩টায় সেখানেই তার জানাজা হবে।

পরে বিকাল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী।
ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান, তার মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।