গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান "বিকাশ" এর ডিস্টিবিউটর "ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর" এর প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর- গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এঘটনায় একাউন্টস ম্যানেজার হিমেল গুলিবিদ্ধ, প্রাইভেটকারে থাকা চালক লাল মিয়া, এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিকাশের ডিস্টিবিউটর ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড, শ্রীপুর এর ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর নামের প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার সকল ব্যাংক বন্ধ থাকা ও গার্মেন্টস কর্মীদের বেতনের চাপ থাকায় নগদ টাকার সংকটে পড়েন তারা। বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের বিকাশ ডিস্টিবিউটর "হযরত আলী মুন্সী"কে বিকাশের ব্যালেন্স দিয়ে নগদ টাকা প্রাইভেটকারে করে আনা হচ্ছিল। প্রাইভেটকারটি শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর- গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছলে ১০থেকে১২টি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা পথরোধ করে। এসময় তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ফেলে। এসময় একটি পিস্তল বের করে একাউন্টস ম্যানেজারকে গুলি করে। প্রাইভেটকারে তিনটি প্লাস্টিকের বস্তায় চার কোটি টাকা ছিল। সেখান থেকে তিনটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালিয়ে যায়। তাদের ধারণা তিন কোটি টাকার মতো লুটের ঘটনা ঘটেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
