মিন্টো রোডে সড়ক বিভাজকে ধাক্কা সিএনজিচালকের মৃত্যু

ফন্ট সাইজ:

রাজধানীর মিন্টো রোডে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (আইল্যান্ড) ধাক্কা লেগে সানোয়ার হোসেন (৫০) নামে এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় সানোয়ারের মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি সড়কে পড়ে থাকা অবস্থায় আশপাশে অনেক মানুষ জড়ো হলেও তাকে হাসপাতালে নেয়ার জন্য এগিয়ে আসেননি কেউ বলে অভিযোগ উঠেছে। এ সময় একটি এম্বুলেন্স ঘটনাস্থলে থামলেও অভিভাবক না থাকায় তাকে নিতে চায়নি বলে অভিযোগ করেন উদ্ধারকারী চালক। শেষ পর্যন্ত তৌহিদ মিয়া নামে আরেক সিএনজিচালক নিজের সিএনজি করে সানোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সানোয়ারকে হাসপাতালে আনা আরেক সিএনজি অটোরিকশার চালক তৌহিদ মিয়া বলেন, ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় ভিড় দেখে আমি এগিয়ে গিয়ে দেখি- আমার মতোই আরেকজন সিএনজিচালক গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। আমি লোকমুখে জানতে পারি, নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি আইল্যান্ডে উঠে গেলে তিনি ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে পড়ে থাকেন। আমি নিজের সিএনজিতে করে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসি। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১২টায় সানোয়ারকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, সেই সিএনজিতে আরও দু’-একজন যাত্রী ছিল বলে আমি শুনেছি। তবে অবস্থা অতটা গুরুতর না হওয়ায় তাদেরকে অন্য হাসপাতালে নেয়া হয়েছে। নিহত চালক মাথায় এবং ঘাড়ের ডান পাশে প্রচণ্ড আঘাত পান। তার গলার ডান পাশ দিয়ে প্রচণ্ড রক্ত বের হচ্ছিল। এই রক্তক্ষরণের কারণেই তিনি মারা যান।ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।