আমার পৃথিবী খুবই ছোট; এই ছোট পৃথিবীতে মানিকগঞ্জের মাটি ও মানুষ ছাড়া আমার আর কিছুই নেই। এমন আবেগঘন বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আফরোজা খান রিতা। গত সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণার শেষদিনের বিশাল জনসমাবেশে আবেগঘন বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিতা বলেন, দীর্ঘ ২৫ বছরের রাজনৈতিক জীবনে আমি মানিকগঞ্জের মানুষ ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করিনি। আমার ব্যবসা-বাণিজ্য সবকিছুই নষ্ট হয়ে গেছে। আমার শিল্প-কারখানার গ্যাসের লাইন পর্যন্ত কেটে দেয়া হয়েছে, আমার নিজের সন্তানদের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করিনি। সব সময়ই চিন্তা ছিল আমার দেশটা বাঁচুক, আমার মানিকগঞ্জ জেলাটা বাঁচুক। এরা বাঁচলে হয়তো সবকিছু আবার ফিরে পাবো। সেই প্রত্যয়, সেই সংকল্প, সেই সাহস ও প্রেরণা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে গেছি। কোনো বাধাই আমাকে রোধ করতে পারেনি। মানিকগঞ্জ-৩ আসনের এই প্রার্থী আরও বলেন, মানিকগঞ্জের প্রত্যেকটা মানুষকে আমি আমার সন্তানের মতো দেখি। আমি চাই আমার সন্তানেরা ভালো থাকুক। আমার এই সন্তানদের নিয়েই আমি পথ চলতে চাই। মানিকগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, সামনে আমাদের অনেক বড় যুদ্ধ। এই ভোটযুদ্ধে সামনের দিকে এগিয়ে যেতে হবে। শক্তি ও সাহস নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা যেমন রাজপথের যুদ্ধে জয়ী হয়েছি ইনশাআল্লাহ আমরা ভোটযুদ্ধেও জয়ী হবো। রিতা বলেন, আমাদের চেষ্টার পেছনে থাকবে মানিকগঞ্জবাসীর উন্নয়ন। তাই সাধারণ জনগণকে আমি সব সময় অনুরোধ করি আপনারা আমাদের পাশে আসুন, আমাদের পাশে রাখুন এবং আমাদের দলকে পাশে রাখুন। রিতা বলেন, মানিকগঞ্জে যখন ধানের শীষ ফিরে আসবে আমরা সবাই মিলে একসঙ্গে সুন্দর একটি মানিকগঞ্জ গড়ে তুলবো। ফেসবুকে যারা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে রিতা বলেন, অন্যায় করে কখনো মানুষের ভালোবাসা অর্জন করা যায় না, দুর্নীতি করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না ও সন্ত্রাস করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। মানুষের ভালোবাসা অর্জন করতে গেলে মানুষের হৃদয়ে ঢুকতে হয়। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে রিতা বলেন, আপনারা কখনো নিরাপত্তাহীনতায় ভুগবেন না। আমরা আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা করবো। আপনাদের মর্যাদাপূর্ণ ও শান্তিময় জীবন নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ৫ই আগস্টের পর আমাদের লোকজন আপনাদের পাহারাদারের ভূমিকায় ছিলেন। ইনশাআল্লাহ, আগামীতেও আমরা আপনাদের পাশে থাকবো।
জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নুরতাজ আলম বাহারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে রক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক এডভোকেট জামিলুর রশিদ খান, এডভোকেট মোখসেদুর রহমান, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুল কামরুল হক মাসুদ, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুল মোতালেব হোসেন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রোকসানা খানম মিতুসহ প্রমুখ। আফরোজা খান রিতা বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পরিচালনার রূপরেখা জনগণের মুক্তির সনদ। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে। এদিকে নির্বাচনী প্রচারণার শেষদিন রিতার জনসভায় মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
‘আমার ছোট্ট পৃথিবীর সবটুকু জুড়েই শুধু মানিকগঞ্জের মানুষ’
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
