মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্র-ইউরোপের জরুরি সতর্কতা

মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্র-ইউরোপের জরুরি সতর্কতা

ফন্ট সাইজ:

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সৌদির আকাশসীমার আরও কিছু অংশ এড়িয়ে চলার জন্য বিমান সংস্থাগুলোকে পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল নিরাপত্তা সংস্থা (ইএএসএ)।

শুক্রবার জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাস মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে এ সতর্কতা জারি করেছে। এতে সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হুতিদের সাম্প্রতিক হামলার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়।
মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ইরানের সমর্থনপুষ্ট হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এতে বেসামরিক মানুষের প্রাণহানিও ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে। তাই মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ করে এ অঞ্চলে যাতায়াতের পরিকল্পনা থাকলে তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে, শুক্রবার সৌদির আকাশসীমা নিয়ে আগের সতর্কবার্তা হালনাগাদ করেছে ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল নিরাপত্তা সংস্থা। গত ৩০ সেপ্টেম্বর প্রথম জারি করা ওই নির্দেশনায় নতুন করে সৌদির আরও কিছু আকাশসীমায় বিমান চলাচল না করার পরামর্শ দেয়া হয়েছে।

সংস্থাটি বলেছে, সাম্প্রতিক হামলাগুলো থেকে স্পষ্ট হয়েছে যে সৌদির অভ্যন্তরে আরও গভীরে, এমনকি রাজধানী রিয়াদেও লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা ও অভিপ্রায় রয়েছে হুতিদের।
এদিকে সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, বৃহস্পতিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি হামলার ঘটনায় তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

ইয়েমেনের নতুন করে তীব্র হয়ে ওঠা গৃহযুদ্ধে দেশটির সরকারি বাহিনীকে সমর্থন দেয়ায় সৌদিকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে হুতি বিদ্রোহীরা।
অন্যদিকে, সৌদি বলছে, জাতিসংঘের স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিচ্ছে তারা। হুতিদের দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে সরকারি বাহিনীর সামরিক অভিযানকে সমর্থন করছে রিয়াদ।

এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে সৌদির বিমানবন্দরে হামলা এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের নতুন ভ্রমণ ও বিমান চলাচল সতর্কতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।