বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘদিনের ব্যবধানে কলকাতা ছেড়ে যাওয়া বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গে ফিরে এসেছিলেন কিছু দিন আগেই। সেই সময়ই জানিয়েছিলেন, তিনি বার বার ফিরে আসবেন কলকাতায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। সেইমোতাবেক বুধবার দুপুরে পাঁচদিনের জন্য কলকাতায় এসেছেন তসলিমা নাসরিন। জানা গেছে, দু’টি অনুষ্ঠানের জন্যই তার কলকাতায় আসা।
বৃহস্পতিবার মহাজাতি সদনে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ইলেকট্রনিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তসলিমা বলেছেন, ‘ভারতে মতপ্রকাশের স্বাধীনতা আছে। আমি নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারি। বাংলাদেশে আমি আর ফিরতে পারব না, সেটা মেনে নিয়েছি। আমি কেন, আমার মৃত্যুর পর ওরা আমার লাশও হয়ত ফেরাতে দেবে না।’
এক স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে এদিনের অনুষ্ঠানে ‘উমা’ সম্মান প্রদান করা হয় তাকে। এদিন মহাজাতি সদনের মঞ্চে ‘শিকল ভাঙার গল্প’ নিয়ে এসেছিলেন তসলিমা। তার কবিতা আর বিশিষ্ট নৃত্যশিল্পী মৈত্রী পাহাড়ির নাচ অনুষ্ঠানটি আকর্ষণীয় করেছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল,শিল্প মন্ত্রী তাপস রায়, বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বিশিষ্ট জাদুকর পিসি সরকার জুনিয়র। আগামী ১২ তারিখ পর্যন্ত তসলিমার এ শহরে থাকার কথা। পুজোয় তিনি থাকছেন না বলে জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, কলকাতার দুর্গাপূজকে তিনি বেশ উপভোগ করেন।
