চট্টগ্রামে যানজট ও পরিবেশদূষণ কমানোর পাশাপাশি নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ বাড়াতে নির্মাণ করা হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে ট্র্যাকটির উদ্বোধন করা হবে। উদ্বোধনের আগে বৃহস্পতিবার সাইকেল ট্র্যাকের নির্মাণকাজ ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পরিদর্শনকালে মেয়র ট্র্যাকের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং উদ্বোধন ঘিরে চলমান প্রস্তুতি, নির্মাণমান ও নাগরিকদের চলাচলের সুবিধা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ট্র্যাকটি নিরাপদ, ব্যবহারবান্ধব ও নান্দনিকভাবে প্রস্তুত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে পরিকল্পিতভাবে কাজ চলছে। দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধনের মধ্য দিয়ে নগর ব্যবস্থাপনায় নতুন একটি অধ্যায়ের সূচনা হবে।
তিনি বলেন, এটি শুধু সাইকেল চলাচলের আলাদা পথ নয়; বরং পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরজীবনের দিকে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তরুণদের সাইকেল ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি নগরবাসীর স্বাস্থ্যকর জীবনযাপনের সুযোগও বাড়বে। সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় বিমানবন্দর সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সড়কটি চার লেনবিশিষ্ট। সড়কের দুই পাশে নির্মাণ করা হয়েছে ফুটপাথ। পাশাপাশি মিড আইল্যান্ড ও ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সঙ্গে সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে।
মেয়র বলেন, পৃথক সাইকেল লেন থাকায় সাইকেল আরোহীদের নিরাপত্তা বাড়বে। শুক্রবার উদ্বোধনের পর ট্র্যাকটি নগরবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহান উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. আলী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া এবং মেয়রের একান্ত সচিব (অ.দা.) আজিজ আহমদ উপস্থিত ছিলেন।
