টেকনাফে ৩ লাখ ইয়াবা উদ্ধার

ফন্ট সাইজ:

কক্সবাজারের টেকনাফে সীমান্ত পেরিয়ে দেশে ইয়াবা পাচার থামছেই না। মিয়ানমার থেকে নাফ নদ পেরিয়ে আসা এসব চালানের কিছু অংশ ধরা পড়লেও বড় একটি অংশ নানা কৌশলে পৌঁছে যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। বাহকরা মাঝে মাঝে আটক হলেও ধরাছোঁয়ার বাইরে মূল রাঘববোয়ালরা। তবে মাদকের এ বিস্তার রোধে সীমান্ত এলাকায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও বর্ডার গার্ড বাংলাদেশের (২ বিজিবি) এক যৌথ অভিযানে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার নাফ নদের জোড়া থেকে থেকে ইয়াবার এই বিশাল চালানটি মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। অভিযানের বিষয়ে এসআরবি’র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গোপন সংবাদে কেওড়া বাগানে তল্লাশি চালানো হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুরো বাগানে তল্লাশি চালিয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।